ডেসটিনির ২২ কর্মকর্তার ৫৩৩ ব্যাংক হিসাব জব্দ
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ জন কর্মকর্তার ৫৩৩টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ নির্দেশ দেন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন জানান, এসব হিসাবে মাত্র ১৫ কোটি টাকা রয়েছে। বাকি টাকা মামলার আগেই আসামিরা সরিয়ে নিয়েছেন। ওই ২২ কর্মকর্তা হলেন: ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, চেয়ারম্যান হারুন-অর-রশিদ, পরিচালক মোহাম্মদ হোসেন, দিদারুল আলম, গোফরানুল হক, মোহাম্মদ সাঈদ-উর-রহমান, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আলী, রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়েবুর রহমান, নেপাল চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন, শিরিন আকতার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সাইদুল ইসলাম খান ও আবুল কালাম আজাদ। এরপর পৃষ্ঠা ২ কলাম ২গতকাল দুদকের আইনজীবী মীর আলী সালাম আদালতকে বলেন, ডেসটিনি গ্রুপ সমবায় সমিতি বিধিমালা-২০০৪ এবং সোসাইটি আইন ভঙ্গ করে অবৈধভাবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। ওই অর্থ নিজেদের স্বার্থে অবৈধভাবে অলাভজনক কোম্পানিসহ বন্ধ হয়ে থাকা কোম্পানিতে বিনিয়োগ ও ঋণ দেখিয়ে এবং লভ্যাংশ, কমিশন ও সম্মানী ভাতার নামে ব্যক্তিগত হিসাবে টাকা স্থানান্তর ও হস্তান্তর করেছে। পৃথক দুটি মামলায় এসব কর্মকর্তার হিসাব জব্দ করার আবেদন করা হয়েছে। গত সোমবার ২৫২টির আবেদন করা হয়েছিল। গতকাল আরও ২৮১টি হিসাবসহ ৩১টি ব্যাংকে মোট ৫৩৩টি হিসাব জব্দ করার আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এসব হিসাব বাংলাদেশ ব্যাংক আগে জব্দ করেছিল। তবে এর মেয়াদ শেষ হওয়ায় দুদক নতুন করে জব্দের আবেদন করে। এ বিষয়ে ডেসটিনির আইনজীবীরা আদালতকে বলেন, যে হিসাবগুলো জব্দ করা হয়েছে, সেসব হিসাব খুলে দেওয়ার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে। তা শুনানির অপেক্ষায় আছে। তাই এ বিষয়ে আদালত আদেশ দিতে পারেন না। এ সময় আদালত এ বিষয়ে কোনো আদেশ আছে কি না, তা দেখতে চান। আসামিপক্ষের আইনজীবীরা তা দেখাতে না পারায় আদালত হিসাব জব্দ করার আদেশ দেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির টাকা অলাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখিয়ে নিজেদের হিসাবে স্থানান্তর করে দুই হাজার ১০৬ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা এবং ডেসটিনি-২০০০ লিমিটেড সমবায় সমিতির বিধিমালা ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে এক হাজার ১৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ২৪ টাকা অবৈধভাবে স্থানান্তর করেছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং স্বার্থসংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধভাবে টাকা হস্তান্তর করেছেন। আত্মসমর্পণ না করলে গ্রেপ্তার: এদিকে ডেসটিনি-২০০০ লিমিটেডের ২২ কর্মকর্তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। অর্থ পাচারের দুই মামলায় আদালত তাঁদের জামিন বাতিল করেছেন। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ওই ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা করে দুদক।গতকাল দুদকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘ডেসটিনির কর্মকর্তারা দ্রুত আত্মসমর্পণ না করলে তাঁদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে।’ ডেসটিনির ওই ২২ কর্মকর্তাকে ‘পলাতক আসামি’ আখ্যা দিয়ে গোলাম রহমান বলেন, ‘ডেসটিনির অপরাধ আমাদের কাছে গুরুতর। তারা আট লাখেরও বেশি মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। সুতরাং, আমরা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।’