ডেসটিনির ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারে বাধা নেই: দুদক
দুর্নীতি দমন কমিশনের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেছেন, ডেসটিনির যেসব কর্মকর্তার জামিন বাতিল হয়েছে বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের গ্রেপ্তার বাধা নাই। তবে আদালতের আদেশের অনুলিপি থাকতে হবে। আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলে। গত ৩১ জুলাই কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর-রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা করে দুদক। মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। রেল দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ফয়জুর রহমান বলেন, কমিশন ইতিমধ্যে মামলার অনুমোদন দিয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তিনি জানান, অনুসন্ধানে ছয় জনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।রেলওয়ের পূর্বাঞ্চলের ছয় বিভাগে এক হাজার ৬৯টি পদে নিয়োগে অবৈধ বাণিজ্য হয়েছে। রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে পরীক্ষার খাতা মূল্যায়নকারীরা এতে জড়িত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।রেলের কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের একটি হাইস্কুলের নয়জন এবং একটি কলেজের সাতজন শিক্ষক এই কেলেঙ্কারিতে জড়িত বলে প্রমাণ পেয়েছে দুদকের তদন্ত দল। এই শিক্ষকেরা নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষার খাতায়ও নম্বর বাড়িয়ে দিয়েছেন।রেলওয়ে ও মন্ত্রণালয়ের আলাদা তদন্ত এবং সর্বশেষ দুদকের অনুসন্ধানে নিয়োগে দুর্নীতির প্রমাণ মিললেও বিতর্কিত নিয়োগগুলো বাতিল হয়নি। নিয়োগপ্রাপ্ত কর্মীরা চাকরি করে যাচ্ছেন।২০১০ সালে এই নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়ে এ বছরের এপ্রিল পর্যন্ত চলে। দুদকের অনুসন্ধান চলাকালেও নিয়োগ দেওয়া হয় বলে রেল সূত্রে জানা যায়। ২৪টি শ্রেণীতে এক হাজার ১৭৭ পদের বিপরীতে এ পর্যন্ত এক হাজার ১১৭ জন নিয়োগ পেয়েছেন।দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র প্রথম আলোকে জানিয়েছে, পূর্বাঞ্চল রেলের নিয়োগে দুর্নীতির প্রাথমিক প্রমাণ ও তদন্তের ওপর ভিত্তি করে তিন ব্যক্তির বিরুদ্ধে ছয়টি মামলা করা হবে। ইউসুফ আলী মৃধা ছাড়া অন্য যাঁদের বিরুদ্ধে মামলা হবে, তাঁরা হলেন নিয়োগ কমিটির আহ্বায়ক ও পূর্ব রেলওয়ের অতিরিক্ত যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান এবং সদস্যসচিব ও জ্যেষ্ঠ ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া।হলমার্ক কেলেঙ্কারি প্রসঙ্গে দুদকের সচিব বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এঁদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এখনো আরও অনেককে জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা কারসাজির মাধ্যমে উত্তোলন করে আত্মসাত্ করেছে। এর বাইরে আরও পাঁচটি গ্রুপ একইভাবে অর্থ তুলে নিয়েছে। সব মিলিয়ে আত্মসাত্ করা অর্থের পরিমাণ তিন হাজার ৫৪৭ কোটি টাকা। প্রথম আলোতেই এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এর পরই কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি তদন্ত করে এর সত্যতা জানতে পারে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুরোধে হলমার্ক কেলেঙ্কারি এখন তদন্ত করছে দুদক।পদ্মা সেতু প্রসঙ্গে ফয়জুর রহমান বলেন, এ পর্যন্ত ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অনুসন্ধান দল প্রয়োজন মনে করলে যে কাউকে ডাকতে পারবে।