ডোনেশন নিয়ে অপরাধ করিনি: কামাল মজুমদার
আওয়ামী লীগের সাংসদ কামাল আহমেদ মজুমদার বলেছেন, সাংবাদিকেরা জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে মনিপুর উচ্চবিদ্যালয়ে হামলা করেছে। জাতীয় সংসদে আজ সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।কামাল মজুমদার বলেন, ‘একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা সাংবাদিকতার নামে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। তারা স্কুলে ঢুকে শিক্ষকদের গায়ে হাত তুলেছে। শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রীদের লাঞ্ছিত করেছে।’ তিনি বলেন, ‘মনিপুর স্কুল ঢাকার একটি সেরা স্কুল। এই স্কুলের দুটি শাখা করা হয়েছে। স্কুলটি অভিভাবক ও আমাদের যৌথ অংশীদারিতে করা হয়েছে। আমরা ডোনেশন নিয়ে থাকি। এতে কোনো অপরাধ করিনি। আমরা যে বেশি টাকা নিয়েছি, তা নিয়ে কোনো অভিভাবক অভিযোগ করেননি। যদি দুর্নীতি করে থাকি, তবে শিক্ষামন্ত্রী তাঁর যেকোনো প্রতিনিধি দিয়ে তদন্ত করে দেখতে পারেন।’ তিনি ওই ঘটনার তদন্ত দাবি করেন।আলোচনায় আরও অংশ নেন আবুল কালাম আজাদ ও জিন্নাতুননেসা তালুকদার। এরপর সংসদ অধিবেশন কাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।