ডোমার রেলস্টেশন সড়ক সংস্কারের উদ্যোগ নেই
নীলফামারী জেলার ডোমার উপজেলা শহরের রেলস্টেশন সড়কের চিকনমাটি আরডিআরএস মোড়ে পাকা সড়কটি ভেঙে গেছে। এটি ভেঙে এক মাস ধরে ওই পথে যোগাযোগ বন্ধ থাকলেও এ পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জানান, বিষয়টি এলজিইডিকে মৌখিকভাবে জানানো হয়েছে। রাস্তাটি ঠিক করা দরকার। কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ওই ভাঙন সম্পর্কে তারা কিছুই জানে না। সরেজমিনে দেখা যায়, ডোমার রেলস্টেশন থেকে পশ্চিমে প্রায় দেড় কিলোমিটার দূরে চিকনমাটি আরডিআরএস মোড়ের কাছে পাকা রাস্তাটি ভাঙতে ভাঙতে একটি বাড়ির দেয়ালের কাছে চলে এসেছে। ওই বাড়ির মালিক ভাঙন ঠেকাতে বাঁশ, কাঠ দিয়ে রাস্তাটুকু ঘিরে রেখেছে। এলাকাবাসী জানান, বৃষ্টি শুরু হলে রাস্তার ভাঙন ঠেকানো যাবে না। তাতে হয়তো বাড়িটিও ভেঙে যেতে পারে।বাড়ির মালিক মো. বকুল সরকার অভিযোগ করেন, ‘মাসখানেক আগে বৃষ্টিতে পুকুর ভরাট হয়ে রাস্তাটা ভাঙতে থাকে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা কোনো উদ্যোগ না নেওয়ায় এটি সম্পূর্ণ ভেঙে গেছে। এখন আমি আমার বাড়ি রক্ষায় বাঁধ দিয়ে কোনো রকমে আটকে রেখেছি। কিন্তু আবারও বৃষ্টি হলে এ বাঁধ থাকবে না।’ তিনি আরও বলেন, ‘এ পথে খাটুরিয়া, জগন্নাথ, বসুনিয়ার হাট, ফার্মের হাট, জালির মোড়, ঠাটারীপাড়াসহ স্থানীয় সহস্রাধিক মানুষ প্রতিদিন ডোমার রেলস্টেশনে ট্রেন ধরতে যাওয়া-আসা করে। সড়কটি ভেঙে পড়ায় ওই সব এলাকার মানুষকে অতিরিক্ত প্রায় চার কিলোমিটার রাস্তা ঘুরে চলাচল করতে হচ্ছে। আবার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে প্রতিদিন। তিনি বলেন, ‘পথচারীদের কথা চিন্তা করে আমি নিজে রাতের বেলা সেখানে হ্যারিকেন জ্বালিয়ে রাখি।গ্রামের জুয়েল ইসলাম (২৫), ময়নুল হোসেনসহ (৩০) অনেকে বলেন, ‘গত বছর সড়কটি এ জায়গায় ভেঙে গেলে ডোমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাঁশ দিয়ে পাইলিং করে সেটি রক্ষা করেছিল। এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তিনি বলেছেন, ফান্ড নেই। আমরা স্থানীয়ভাবে চেষ্টা করেও এক মাস ধরে রাস্তাটা ঠিক করতে পারিনি।’এ ব্যাপারে ডোমারের ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, ‘গত বছর বাঁশের পাইলিং করে রাস্তাটা ঠেকানো গিয়েছিল। কিন্তু এলাকাবাসী বাঁশগুলো তুলে নেওয়ায় আবারও সমস্যা হয়েছে। এখন বর্ষাকাল। তাই সেখানে মাটি ফেললেও থাকবে না। আমরা ইট-সুরকির রাবিশ ফেলে রাস্তাটা চলাচলের উপযোগী করার কথা চিন্তা করছি।’ বিষয়টি এলজিইডিকে মৌখিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি । এ ব্যাপারে ডোমার উপজেলা প্রকৌশলী কে এম ফজলুল কবীরের সঙ্গে কথা বললে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমাকে জানানো হলে বিষয়টি দেখব।’