কাঠবিড়ালির কথা উঠলেই সবারই মনে পড়বে কাজী নজরুল ইসলামের ‘কাঠেবরালি! কাঠেবরালি! পেয়ারা তুমি খাও?’ এই বিখ্যাত চরণটি। বাংলাদেশে দুই প্রজাতির ডোরা কাঠবিড়ালি আছে। এদের একটি পাঁচডোরা, অন্যটি তিনডোরা কাঠবিড়ালি। পিঠের ওপর সাদা রঙের লম্বা ডোরা দাগ গুনে এদের চিনতে হবে। তিনটি সাদা ডোরা দাগ থাকলে সেটি তিনডোরা এবং পাঁচটি সাদা ডোরা দাগ থাকলে সেটি হবে পাঁচডোরা কাঠবিড়ালি।দেশে আট প্রজাতির কাঠবিড়ালির মধ্যে এরা বেশি মাটিতে নামে এবং মানুষের কাছাকাছি ঘুরে বেড়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেলে দেখা যাবে সারাক্ষণই আমের বাগান ও মাঠ চষে বেড়াচ্ছে পাঁচডোরা কাঠবিড়ালি (Funambulus pennantii)। ইংরেজিতে এ প্রজাতিটি Northern Palm Squirrel, Five-striped Palm Squirrel নামে পরিচিত। ক্যাম্পাসে মাঠের ধারে বসে কেউ চিনাবাদাম খেয়ে যাওয়ার পরপরই কাঠবিড়ালিরা দল বেঁধে সেখানে আসে পড়ে থাকা বাদামের দানা খেতে। তখন নিজেদের মধ্যে ঝগড়াও করে তারা।গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাম্পাসে তিনটি তিনডোরা কাঠবিড়ালির দেখা পাওয়া গেছে (F. palmarum)। ইংরেজিতে এ প্রজাতিটি Indian Palm Squirrel, Three-striped Palm Squirrel নামে পরিচিত। তবে ঢাকা চিড়িয়াখানা ও মিরপুর উদ্ভিদ উদ্যানে (বোটানিক্যাল গার্ডেন) তিনডোরা কাঠবিড়ালির দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান। সুন্দরবন ছাড়া দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম এলাকার অধিকাংশ জেলায়ই এদের দেখা যায়। রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী জেলায় প্রায়ই এদের চোখে পড়ে। তবে পাঁচডোরা কাঠবিড়ালি সংখ্যায় বেশি।এরা একাকী বা জোড়ায় চলে। তবে দলেও দেখা যাবে কোনো বিশেষ খাবারের উৎসের কাছে। খাওয়ার সময় কখনো কখনো পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের অংশ উঁচু করে খাবার খায়। তখন সামনের পা দুটি হাত হিসেবে ব্যবহার করে। এ দৃশ্যটি দেখার মতো। বিপদ আঁচ করতে ও চারদিক খেয়াল করে দেখার জন্যও এই কৌশল প্রয়োগ করে। এরা খুব দ্রুত দৌড়াতে পারে। গাছের গুচ্ছবদ্ধ শাখায় অগোছালো গোলাকার বাসা বানায়। প্রধানত ফল, বীজ, বাদাম, বাকল, পোকামাকড় ও খেজুরের রস খায়। আমাদের দেশে এরা ভালোই আছে।