ডোয়াইনকে জয় উৎসর্গ স্যামির
ওয়েস্ট ইন্ডিজ-হল্যান্ড গত ম্যাচটা নিয়ে বাংলাদেশের কোচ জেমি সিডন্স, অধিনায়ক সাকিব আল হাসানদের বিস্তর গবেষণাই হওয়া উচিত। এই ম্যাচের বিজয়ী দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই যে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৪ মার্চ মিরপুরে।সাকিবদের এই ম্যাচের নানা দিক খুঁটিয়ে দেখা উচিতও। খুঁটিয়ে দেখার অনেক বিষয় আছেও। চার দিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যাদের ৭ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু, হল্যান্ডের বিপক্ষে সেই ওয়েস্ট ইন্ডিজই ধরা দিল অন্যরূপে। আক্ষরিক অর্থেই অন্য এক ওয়েস্ট ইন্ডিজের দেখা মিলল এদিন।মাঠে নেমেই ধুন্ধুমার ব্যাটিংয়ের ঝাঁজ ছড়ানো যার স্বভাব, সেই ক্রিস গেইল এদিন হয়ে উঠলেন ধৈর্যের প্রতিমূর্তি! মিডল অর্ডারে নেমে কাইরন পোলার্ড জানিয়ে দিলেন, রান-ক্ষুধায় কেমন ছটফট করছেন তিনি। আর বল হাতে কেমার রোচ যা করলেন, প্রতিপক্ষের জন্য তার অর্থ হতে পারে একটাই, সাবধান!এই নিজেকে বদলে ফেলা গেইল, রান-ক্ষুধায় উন্মত্ত কাইরন পোলার্ড, বল হাতে বিধ্বংসী পেসার কেমার রোচ আর স্পিনার সুলেমান বেন—সাকিবদের ভাবার বিষয় অনেকই। তবে বাংলাদেশ কী করল, সেটা বিষয় নয়। হার দিয়ে শুরুর পর জয়ের ধারায় ফিরতে পেরে ড্যারেন স্যামি দারুণ খুশি। ব্যাটিং-বোলিংয়ে হল্যান্ডকে ছিঁড়ে-খুঁড়ে পাওয়া ২১৫ রানের জয়টা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক উৎসর্গ করেছেন ডোয়াইন ব্রাভোকে।দলের অন্যতম সেরা খেলোয়াড় ডোয়াইন ব্রাভোকে বিশ্বকাপের মাঝপথে শেষ করে দিয়েছে চোট। ডোয়াইনকে হারানোটা অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য বড় ধাক্কা। তবে এই দুঃখকে তারা শক্তিতে পরিণত করেছে। জয়ের আনন্দে উচ্ছ্বসিত স্যামির কণ্ঠেই তার প্রমাণ, ‘আমরা সবাই জানি, একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ খেলা কতটা গুরুত্বপূর্ণ। ওর (ডোয়াইন ব্রাভো) চোখে-মুখে যে যন্ত্রণা দেখেছি, তাতে আমরা দলের অধিকাংশ খেলোয়াড়ই একমত হই যে দলের স্পিরিটটা তুলে ধরতে হবে এবং ডোয়াইন ব্রাভোকেই দলের অনুপ্রেরণা হিসেবে নিতে হবে। সুতরাং এই জয় ছিল ব্রাভোর জন্য।’হল্যান্ডকে মাত্র ১১৫ রানে গুঁড়িয়ে দিতে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম হ্যাটট্রিক করেছেন কেমার রোচ। মাত্র ২৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। স্বাভাবিকভাবেই অধিনায়ক স্যামি ছিলেন রোচ-প্রশংসায় পঞ্চমুখ, ‘এটা ছিল দারুণ। এটা ছিল বিস্ময়কর। ও আমাদের দলের স্ট্রাইক বোলার। এটা গুরুত্বপূর্ণ যে ও নিজেকে বের করে এনেছে এবং এটা করেছে।’অধিনায়ক স্যামির কণ্ঠে রোচের প্রশংসা। আর রোচ বলছেন, এই জয় বাংলাদেশের ম্যাচের আগে দলকে আত্মবিশ্বাসী করেছে।প্রথম ম্যাচে ইংল্যান্ডকে কাঁপিয়ে দেওয়ার পর পরশু জঘন্যভাবে হেরে যাওয়ায় হল্যান্ড শিবির হতাশ। দলের অধিনায়ক পিটার বোরেন দলের সেই হতাশাটাই ব্যক্ত করলেন, ‘কোনো সন্দেহই নেই, আজকের হতাশাজনক পারফর-ম্যান্সের পর আমাদের নিজেদের দিকে ভালো করে তাকাতে হবে। তবে এর কৃতিত্ব তাদের (ওয়েস্ট ইন্ডিজ) দিতেই হবে।’ এএফপি।