ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পরিবেশ ও নগরবিষয়ক পাঁচটি প্রধান সংগঠন। গতকাল মঙ্গলবার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে এই অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে চিঠিতে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নেরও অনুরোধ জানানো হয়।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বিআইপি) সভাপতি সারওয়ার জাহান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সহসভাপতি আবু সাঈদ এম আহমেদ ও নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাজেম এই চিঠিতে স্বাক্ষর করেন।চিঠিতে বলা হয়, কতিপয় অর্থলিপ্সু ও স্বার্থান্বেষী ব্যবসায়ী ছাড়া সচেতন দেশবাসী একমত যে অপরিকল্পিত উন্নয়নের ভারে ন্যুব্জ ঢাকা মহানগরকে শুধু বাসযোগ্য রাখতে হলে রাজউকের প্রণীত ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে সরকারিভাবে গঠিত প্যানেলের পরীক্ষিত ড্যাপের দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় আজ আর কারও বুঝতে বাকি নেই যে এখনই সতর্ক না হলে এবং নগর অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনাকে বিধিবদ্ধভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে নগরবাসী যেকোনো মুহূর্তে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে।ঢাকা মহানগরের পুঞ্জীভূত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর বারবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার এবং সব অনৈতিক চাপ উপেক্ষা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়, ড্যাপের অনুমোদন ও গেজেট আকারে প্রকাশের ঘটনায় তা আবারও প্রমাণিত হয়েছে। সংগঠনগুলো এই অনুমোদনকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছে এবং প্রধানমন্ত্রী এর দ্রুত ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।ড্যাপ বাস্তবায়নে রাজউকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে চিঠিতে রাজউকের সার্বিক দক্ষতা বৃদ্ধিসহ এর আমূল পুনর্গঠনে জরুরি প্রয়োজনীয়তার প্রতি প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করা হয়েছে।চিঠিতে একই ধারাবাহিকতায় ঢাকাসহ দেশের সব ছোট-বড় শহরের পানি, পয়োনিষ্কাশন, বর্জ্যব্যবস্থাপনা, যানবাহন, খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে বিদ্যমান নানাবিধ সমস্যার সমাধান ও প্রয়োজনীয় ন্যূনতম নাগরিক সুবিধা সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার ও সরকারের পরিকল্পিত উদ্যোগ আশা করা হয়, যা সরকার-ঘোষিত ‘রূপকল্প-২০১১’ বাস্তবায়নের সম্পূরক হিসেবে বিবেচিত হবে। সব শেষে দেশ ও জনগণের স্বার্থে ও পরিবেশ সহায়ক পরিকল্পিত মহানগর গঠনে এই সংগঠনগুলোর সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ড্যাপ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্ব কামনা করা হয়।