ড্যাপ নিয়ে ভূমিদস্যুদের রোষানলে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করতে গিয়ে সরকার ভূমিদস্যুদের রোষানলে পড়েছে। তাদের স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় ড্যাপ নিয়ে তারা নানা প্রশ্ন তুলছে। তবে সরকার জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় ড্যাপ বাস্তবায়ন করবে। গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল শনিবার পরিবেশ সম্মেলনে এ কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) সম্মেলনের আয়োজন করে।রাজধানীতে অনুষ্ঠিত নগরায়ণ, যানজট ও পরিবেশবিষয়ক এই সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে পরিবেশ আন্দোলনের কর্মীরা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও যানজট নিরসনে সরকারকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নদী ও জলাশয় দখল করে যারা রাজধানীকে পরিত্যক্ত নগরে পরিণত করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।রাজধানীর ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে নগরায়ণ, যানজট, দূষণ, বন্যা ও পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনসহ ১৫টি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বাপার সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, নগরায়ণ ও যানজট দূর করতে হলে সরকারকে তার উন্নয়ন-দর্শন বদলাতে হবে। সবকিছু ঢাকা শহরে করতে গিয়ে আসলে একে পরিত্যক্ত নগরে পরিণত করা হচ্ছে। দেশের সব সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকায় স্থাপন করা হয়েছে। আবাসন খাতকে বেসরকারি হাতে ছেড়ে দিলেও এর ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারেনি সরকার।বাপার সভাপতি বলেন, সংবিধানে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা থাকলেও কেন্দ্রীয় সরকারের হাতে সব ক্ষমতা রেখে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রতি এখনো জনগণের সমর্থন আছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যাগুলোর সমাধান করতে হলে সরকারকে কঠোর হতে হবে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী বলেন, যানজট নিরসনে সরকার বেশি করে অবকাঠামো নির্মাণ ও পরিবহনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এতে যানজট কমবে না উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর বাইরে গ্রোথ সেন্টার তৈরি করতে ও শিল্পপ্রতিষ্ঠানগুলো ঢাকার বাইরে নিয়ে যেতে সরকার কোনো প্রণোদনামূলক কর্মকাণ্ড নিচ্ছে না। যানজট নিরসনে হেঁটে চলা যাত্রীদের জন্য আলাদা নিরাপদ ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বলেন, রাজধানীর বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য রেলসেবা চালু করতে হবে।ড্যাপ তৈরির পর তা বাস্তবায়ন এখনো কেন শুরু হয়নি—প্রশ্ন তুলে জামিলুর রেজা চৌধুরী বলেন, গত বছর এই পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর ভূমি উন্নয়নকারী সংস্থাগুলো সরকারের মন্ত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিল। এরপর সরকার ড্যাপ বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি। জলাশয় দখল করে আবাসন করার চিত্র প্রতিদিন পত্রিকায় প্রকাশ করা হলেও সরকারের পক্ষ থেকে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে চলতে থাকলে ঢাকা শহর পরিত্যক্ত নগরে পরিণত হবে।সম্মেলনের প্রধান অতিথি গণপূর্ণ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, ভূমিদস্যুরা দেশের কোনো আইন মানে না। তারা ড্যাব বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের হাত এত লম্বা যে ড্যাপের গেজেট প্রকাশের সময় বিজি প্রেসে সারা রাত উপস্থিত থেকে সকালে ছাপা হওয়া গেজেট হাতে নিয়ে বের হতে হয়েছে।রাজধানীর সীমানা বাড়িয়ে ৫৯০ বর্গকিলোমিটার করা হচ্ছে উল্লেখ করে পূর্ত প্রতিমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে চারটি স্যাটেলাইট শহর করা হচ্ছে, যার প্রতিটিতে এক লাখ করে ফ্ল্যাট নির্মাণ করা হবে। আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এই বিমানবন্দর নির্মাণ করলে ওই এলাকার জমির দাম ১০০ গুণ বেড়ে যাবে। যারা অন্যায়ভাবে সরকারি জমি দখল করে আছে, তারাই আন্দোলন করছে বলে তিনি মন্তব্য করেন।বেনের বৈশ্বিক সমন্বয়কারী নজরুল ইসলাম ঢাকা শহরের বর্তমান দুরবস্থা ও আগামী দিনের সংকট তুলে ধরতে গিয়ে বলেন, বাংলাদেশের নগরায়ণের ৪০ শতাংশ রাজধানীকেন্দ্রিক। পঞ্চাশের দশকের তুলনায় ঢাকার আয়তন ১৮ এবং জনসংখ্যা ২৫ গুণ বেড়েছে। বর্তমান প্রবণতা বজায় থাকলে ২০২০ সাল নাগাদ দুই কোটি ছাড়িয়ে যাবে।ঢাকার ২০ শতাংশ এলাকায় ৭০ শতাংশ মানুষের বসবাস—এ কথা উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, জাতিসংঘের জরিপ অনুযায়ী ঢাকার ৮৫ শতাংশ মানুষ বস্তি ও প্রায়বস্তিতে বসবাস করে। দরিদ্র এলাকার জনঘনত্ব অন্যান্য আবাসিক এলাকার চেয়ে ২০০ গুণ বেশি। ড্যাব প্রণয়ন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দ্রুত তা বাস্তবায়ন করতে হবে।সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য-সচিব স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ মুনিরুজ্জামান ও বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। পরিবেশ বিষয়ে শিশুদের আঁকা চিত্রকর্ম সম্মেলনস্থলে প্রদর্শন করা হয়। উদ্যোক্তারা জানান, সম্মেলনের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।