ড্যাপ নিয়ে সেমিনার এবং তিন পৃষ্ঠার ‘ভৌতিক’ বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত বিশদ অঞ্চল পরিকল্পনা (ডিটেইলড এরিয়া প্ল্যান—ড্যাপ) নিয়ে রাজধানীর একটি তারকা হোটেলে গতকাল এক সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন। সেমিনারে মূল প্রবন্ধের সঙ্গে ড্যাপের তীব্র সমালোচনা ও ১৮টি ত্রুটি উল্লেখ করে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্য বিতরণ করা হয়। কিন্তু আলোচনার সময় মূল প্রবন্ধকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজওয়ান হোসেন ভূঁইয়া বলেন, সংযুক্ত ওই বক্তব্য তাঁর নয় এবং এর দায় তিনি নেবেন না।তাহলে এই বক্তব্য কার— সাংবাদিকেরা জানতে চান হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমানের কাছে। তিনি বলেন, ‘কীভাবে এই কাগজটি এখানে এল, সেটি আমরাও বুঝতে পারছি না। আমার অগোচরে এটি হয়ে গেছে।’কম্পিউটারে লেখা ওই তিন পৃষ্ঠার প্রতিটির নিচেই বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের নাম আছে। এ তথ্য জানালে ওয়ালিউর রহমান বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারছি না। সবই আমার অগোচরে হয়েছে।’ আয়োজকেরাই তো এই কাগজ বিলি করেছেন জানালে তিনি বলেন, ‘আমার অগোচরে হয়েছে।’ এ পর্যায়ে ড্যাপ নিয়ে আপনাদের সুপারিশ কী—জানতে চাইলে ওয়ালিউর রহমান বলেন, জনপ্রতিনিধিদের এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে।বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন এই সেমিনারের আয়োজন করলেও অনুষ্ঠানটি তদারক করেছেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়বসহ অন্য কর্মকর্তারা। ‘পরিকল্পিত নগরায়ণ এবং ভূমি ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনায় বসুন্ধরা গ্রুপের প্রকাশিতব্য ইংরেজি দৈনিক সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকারের দায়িত্ব ছিল সবার আবাসনের ব্যবস্থা করা। কিন্তু সরকার সেটি করতে পারেনি। এ কারণে বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এসেছে। এখন তাদের কোনো ত্রুটি থাকলে তার জন্যও সরকার দায়ী। কারণ সরকারের ভূমি মন্ত্রণালয় বা রাজউক এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল।সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ড্যাপ একটি সৎ প্রচেষ্টা। কিন্তু প্রক্রিয়াগত ত্রুটির কারণে ড্যাপ এখন আটকে গেছে। সংশ্লিষ্ট সব মহলের যুক্তি নিয়ে উদ্যোগ নিলে এই সমস্যার সমাধান করা যাবে।বুয়েটের শিক্ষক জহিরুল ইসলাম প্রশ্ন রাখেন, ‘ড্যাপে এত সমন্বয়হীনতা কেন? নির্বাচিত সাংসদ, রিহ্যাব ও ল্যান্ড ডেভেলপারস অ্যাসোসিয়েশনের কোনো প্রতিনিধি কেন এতে রাখা হয়নি? এখন যদি ঢাকা ও আশপাশের সাংসদেরা বলেন, তাঁরা ড্যাপ বাস্তবায়ন করতে দেবেন না, তাহলে কী হবে? আর যাঁরা বন্যাকবলিত এলাকায় প্লট কিনেছেন, তাঁদের কী হবে?’রিহ্যাবের প্রতিনিধি আবদুর রশিদ বলেন, ঢাকাকে বাঁচাতে ড্যাপের প্রয়োজন আছে। কিন্তু এই ড্যাপ কি সেই ড্যাপ? তিনি বলেন, এই ড্যাপের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে কি না, সেটি নিয়ে সন্দেহ আছে। তিনি দাবি করেন, রিহ্যাব পরিবেশবান্ধব নগরায়ণের জন্য কাজ করেছে। তাঁর মতে, এমন একটি ড্যাপ করতে হবে যেটি সবার স্বার্থ রক্ষা করতে পারে। মূল প্রবন্ধে অধ্যাপক রেজওয়ান হোসেন ভূঁইয়া ড্যাপ বাস্তবায়নে ছয়টি সুপারিশ করেন। এতে বলা হয়, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যাকবলিত এলাকায় ভূমি উন্নয়ন করেছিল, তারা এখন বিপাকে পড়েছে। প্রধানমন্ত্রী যে কমিটি করে দিয়েছেন, সেই কমিটির উচিত এ সমস্যার সমাধান করা। রাজউকের পূর্বাচল, ঝিলমিল, উত্তরা তৃতীয় পর্বসহ অন্যান্য প্রকল্প যেভাবে বৈধতা পেয়েছে, তেমনি ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা জমি কিনেছে, তাদের বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ড্যাপ বাস্তবায়নে আন্তমন্ত্রণালয়ের কমিটিতে নির্বাচিত সাংসদদের রাখা উচিত। ড্যাপ যেন পরিবেশবান্ধব হয়।