ড্যাপ বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পূর্ত প্রতিমন্ত্রী
গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী মান্নান খান বলেছেন, সব শ্রেণী-পেশার জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করা হবে। এ জন্য তিনি ঢাকা মহানগরে বসবাসকারী সবার সর্বাত্মক সহযোগিতা চান। পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করতে গঠিত মন্ত্রিসভা কমিটির আজ বুধবারের প্রথম বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সাতজন সদস্য ছাড়াও ড্যাপ পর্যালোচনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত ২৭ জুন ড্যাপ চূড়ান্ত করতে এ কমিটি গঠন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে সদস্য হিসেবে আছেন ভূমিমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী।এ কমিটিকে সহায়তা করবেন পানিসম্পদসচিব, পরিবেশ ও বনসচিব, ভূমিসচিব, সড়ক ও রেলপথ বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, সেতু বিভাগের সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব।এ কমিটি জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে ড্যাপ চূড়ান্ত করবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা করবে।