ড্যাপ বাস্তবায়ন করতে গিয়ে রোষানলে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী
গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়ন করতে গিয়ে সরকার ভূমিদস্যুদের রোষানলে পড়েছে। তারা এত শক্তিশালী যে তাদের বিরুদ্ধে যাওয়ায় ড্যাপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। তবে সরকার জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় ড্যাপ বাস্তবায়ন করবে। আজ শনিবার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক (বেন) আয়োজিত পরিবেশ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে আবদুল মান্নান খান এসব কথা বলেছেন।রাজধানীর ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিললায়তনে বাপা ও বেন যৌথভাবে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে নগরায়ন, যানজট, দূষণ, বন্যা ও পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনসহ ১৫টি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।ভূমিদস্যুরা দেশের কোনো আইন মানে না উল্লেখ করে আবদুল মান্নান খান বলেন, ‘তারা ড্যাব বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে। তাদের হাত এত শক্তিশালী যে ড্যাপের গেজেট প্রকাশের সময় বিজি প্রেসে সারা রাত উপস্থিত থেকে সকালে ছাপা হওয়া গেজেট হাতে নিয়ে বের হতে হয়েছে।’বাপার সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ বলেন, ‘নগরায়ন ও যানজট দূর করতে হলে সরকারকে উন্নয়ন দর্শন বদলাতে হবে। ঢাকা শহরে সবকিছু করতে গিয়ে একে আমরা পরিত্যক্ত নগরীতে পরিণত করছি।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, যানজট নিরসনে সরকার বেশি করে অবকাঠামো নির্মাণ ও পরিবহনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এতে যানজট কমবে না উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর বাইরে গ্রোথ সেন্টার তৈরি করতে ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ঢাকার বাইরে নিয়ে যেতে সরকার কোনো প্রণোদনামূলক কর্মকাণ্ড নিচ্ছে না।সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব স্থপতি ইকবাল হাবিবের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন বেনের বৈশ্বিক সমন্বয়কারী নজরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ মুনিরুজ্জামান ও বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন। পরিবেশ বিষয়ে শিশুদের আঁকা চিত্রকর্ম সম্মেলনস্থলে টানানো হয়। উদ্যোক্তারা জানান, সম্মেলনের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে।