ড্যাপ বাস্তবায়নে গেজেট হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জলাভূমি ও জলাশয় চিহ্নিত করে গেজেট করার সিদ্ধান্ত হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় শিগগিরই এ গেজেট প্রকাশ করবে।গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বৈঠকে ড্যাপ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এ নিয়ে মন্ত্রিসভায় দীর্ঘ আলোচনা হয় বলে জানা গেছে।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের জলাশয় ও কৃষিজমি রক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজধানীর সার্বিক উন্নয়নের জন্য ড্যাপ বাস্তবায়ন করতে হবে।প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী ড্যাপ প্রণয়নে সমাজের সব অংশের মতকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন, যাতে এ পরিকল্পনায় অপূর্ণাঙ্গ না থাকে। সব শ্রেণী-পেশার মানুষের মতামতের জন্য ড্যাপ ওয়েবসাইটে দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।বৈঠকে ড্যাপ বাস্তবায়নে সাতটি মন্ত্রণালয় নিয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির আওতাধীন মন্ত্রণালয়গুলো হলো: গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি, যোগাযোগ, নৌপরিবহন, স্থানীয় সরকার, পানিসম্পদ এবং পরিবেশ ও বন। কমিটিতে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিব থাকবেন। কমিটি দু-তিন মাসের মধ্যে প্রতিবেদন দেবে।বৈঠক শেষে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান সাংবাদিকদের বলেন, জলাশয় ও জলাভূমি চিহ্নিত করে গেজেট করা ড্যাপ বাস্তবায়নের একটি অংশ। মন্ত্রণালয় এককভাবেই এ সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু সবাইকে সম্পৃক্ত করতেই এটা মন্ত্রিসভায় অবহিত করা হয়। ড্যাপ চূড়ান্ত হলে তা ওয়েবসাইটে দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।আবদুল মান্নান খান বলেন, সবার মতামত নিয়ে দু-তিন মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত হবে। ড্যাপ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, এটা বাস্তবায়িত না হলে রাজধানী পানিতে তলিয়ে যাবে। জলাভূমি ও জলাশয়কে রক্ষা করার লক্ষ্যেই এই ড্যাপ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতারাতি ঢাকা শহরের অবৈধ বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া সম্ভব নয়। তিনি সবাইকে ইমারত বিধিমালা মেনে চলার অনুরোধ করেন।বৈঠক সূত্র জানায়, বৈঠকে ড্যাপ বাস্তবায়নের ক্ষেত্রে কারও প্রতি যাতে অবিচার না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম রাজউকের কর্মকাণ্ডের সমালোচনা করেন।আবাসিক, বাণিজ্যিক, শিল্প, রাস্তাঘাট, কৃষি, বন্যাপ্রবাহ, প্রাকৃতিক জলাধার চিহ্নিত করে একটি পরিকল্পিত নগর গড়ার উদ্দেশ্যে ২০০৪ সাল থেকে ড্যাপ প্রণয়নের কাজ শুরু হয়।রায়েরবাজারে কবরস্থান হবে: বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়েরবাজার বধ্যভূমি এলাকায় একটি কবরস্থান নির্মাণের নির্দেশ দিয়েছেন। বৈঠকে তিনি বলেন, রায়েরবাজার বধ্যভূমি এলাকায় কবরস্থান করার ব্যাপারে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। তাই দ্রুত প্রকল্প নেওয়ার জন্য তিনি ঢাকা সিটি করপোরেশনকে নির্দেশ দেন।বিবাহ নিবন্ধন ফি ১০০ টাকা: বৈঠকে বিবাহ নিবন্ধন ফি ১০০ টাকা করা হয়েছে। ১৯৯৪ সালের ৪ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে দুস্থ ও গরিবদের জন্য এই ফি পাঁচ টাকা করার যে সিদ্ধান্ত ছিল, তা বাতিল করা হয়েছে।এ ছাড়া বৈঠকে গত বছরের ফেব্রুয়ারিতে সংঘটিত বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শেষ করার জন্য ১৯৭২ সালের বিডিআর অধ্যাদেশ (সংশোধন) প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বিডিআরের বর্তমান আইন অনুযায়ী বিশেষ আদালতের প্রধান হবেন এ সংস্থার মহাপরিচালক। কিন্তু তাঁর পক্ষে সারা দেশে স্থাপিত ১০টি বিশেষ আদালত পরিচালনা এবং বিচার শেষ করা সময়সাপেক্ষ ব্যাপার। তাই বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শেষ করতে ১৯৭২ সালের বিডিআর অধ্যাদেশ সংশোধন করা প্রয়োজন ছিল। এই সংশোধনীর ফলে বিডিআর মহাপরিচালক নিজে পরিচালকের পদমর্যাদার নিচে নয়, এমন কর্মকর্তাকে বিশেষ আদালতের প্রধান হিসেবে নিয়োগ দিতে পারবেন। এতে বিচারকাজ দ্রুত শেষ হবে। প্রস্তাবিত বর্ডার গার্ড অব বাংলাদেশ আইনটি কার্যকর হলে বিডিআর আইনের আর প্রয়োজনীয়তা থাকবে না বলে জানান প্রেস সচিব।এ ছাড়া স্ট্যাটুট অব দি ইন্টারন্যাশনাল রিনিউঅ্যাবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) অনুসমর্থনের বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য যেসব প্রযুক্তি আসবে, বাংলাদেশ তা অল্প টাকায় কিনতে পারবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।