ড্যাপ-বিরোধী দুষ্টচক্র নির্মূলের দাবিতে মানববন্ধন
বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নবিরোধী দুষ্টচক্রকে প্রতিরোধ ও নির্মূল করে ঢাকাকে বিশ্বমানের রাজধানী করার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট এবং ইনিশিয়েটিভ ফর পিস নামক দুটি প্রতিষ্ঠান। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠন দুটি থেকে এ দাবি করা হয়েছে।মানববন্ধনে পঠিত লিখিত বক্তব্যে বলা হয়, ড্যাপ অনুমোদিত হওয়ায় দুষ্টচক্র ও ভূমিদস্যুরা বেসামাল হয়ে গেছে। সংগঠন দুটির নেতারা ঢাকার চারপাশের জলাশয় ও ভূমি থেকে ভূমিদস্যুদের উচ্ছেদ করতে এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পুনর্গঠনসহ সাত দফা দাবিও জানান।মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্ট লেখক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, কিছু মানুষের লোভ-লালসার শিকার হয়ে রাজধানী বসবাসের অযোগ্য নগরে পরিণত হতে চলেছে। ড্যাপ বাস্তবায়নসহ সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে তিনি এ নগরকে বসাবাসযোগ্য করার দাবি জানান। ব্যক্তিস্বার্থ প্রাধান্য না দিয়ে ড্যাপের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।লিখিত বক্তব্যে সিটিজেন রাইটস মুভমেন্টের মহাপরিচালক তুষার রেহমান বলেন, লুটেরা ভূমিদস্যুরা অসত্ উপায়ে অর্থ উপার্জনের পথ বন্ধ হওয়ার আশঙ্কায় বেসামাল হয়ে উঠেছে। বর্তমান ড্যাপ বাতিল করে তথাকথিত জনগণের সুবিধামতো আবার একটি ত্রুটিপূর্ণ ‘ড্যাপ’ তৈরির চেষ্টা করছে।