ড্যাপ-বিরোধী মিথ্যা অপপ্রচার অবিলম্বে বন্ধের দাবি
রাজধানীর বিশদ উন্নয়ন পরিকল্পনাবিরোধী (ডিটেইল্ড এরিয়া প্ল্যান—ড্যাপ) মিথ্যা অপপ্রচার অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে এই অনুষ্ঠান থেকে দ্রুত ড্যাপ বাস্তবায়ন করে নিরাপদ ও বসবাসযোগ্য শহর গড়ে তোলার দাবিও জানানো হয়েছে।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানায়।সমাবেশে বক্তারা ঢাকার চারপাশের দখল হয়ে যাওয়া জলাভূমি থেকে ভূমিদস্যুদের অবিলম্বে উত্খাত, জমি দখল-ভরাট বন্ধ, ভূমিদস্যুদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তাদের বিচার এবং অবিলম্বে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পুনর্গঠন করে একে একটি দক্ষ ও কার্যকর সংস্থায় পরিণত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নাগরিক সমাবেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ একাধিক বক্তা ঢাকা মহানগরের ভারসাম্যপূর্ণ ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে দীর্ঘ প্রতীক্ষিত ড্যাপ সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদন পাওয়ায় এবং গেজেট আকারে প্রকাশ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বক্তারা বলেন, পরিকল্পিত ও সমাজের সর্বস্তরের জনমানুষের স্বপ্নের শহরের পরিকল্পনা দেখে এখন লুটেরা ভূমিদস্যুদের আর কিছু ভালো লাগছে না। অপকর্ম, অশুভ ও অবৈধ প্রক্রিয়ায় অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এখন বেসামাল হয়ে পড়ছে। তাই ভূমিদস্যুরা বর্তমান ড্যাপ বাতিল করে তাদের সুবিধামতো আবার একটি ত্রুটিপূর্ণ ও তথাকথিত জনগণের ড্যাপ তৈরির দাবিতে মত্ত হয়েছে। তারা গণমাধ্যমে ব্যাপক প্রচারণা, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, ভাড়াটে লোকজন নিয়ে ড্যাপ-বিরোধী মিছিল বের করার অপকর্ম চালিয়ে একটা ‘আন্দোলনের’ আবহ সৃষ্টির অপচেষ্টা করছে। তাঁরা বলেন, ভূমিদস্যুদের প্রধান লক্ষ্যই হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, আন্তমন্ত্রণালয় কমিটি ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ড্যাপ নামক পরিকল্পনাটি সম্পূর্ণ বাতিল করা। যা করলে মহানগরের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও সৌন্দর্য ধ্বংস হয়ে যাবে।