ড্যাপের পুরো এলাকা সিটি করপোরেশনের আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) আওতাধীন পুরো এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকা সিটি করপোরেশনের আওতায় আনা হচ্ছে। এ জন্য এ এলাকার কোনো পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন আপাতত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জানা গেছে, মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভার জন্য তফসিল ঘোষণা করা হলেও এখন আর সেখানে নির্বাচন হবে না। এ তিনটি পৌরসভা হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কাঞ্চন। আবার আগামী বছরের শুরুতে টঙ্গী পৌরসভার মেয়াদ শেষ হলেও এটাতেও নির্বাচন হচ্ছে না। এর বাইরে রংপুর ও কুমিল্লাকেও সিটি করপোরেশন করা হচ্ছে।প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারেই ড্যাপের আওতাভুক্ত এলাকাকে সিটি করপোরেশনের মধ্যে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পুরো এলাকাই ঢাকা সিটি করপোরেশন নামে হবে না অন্য কিছু হবে, সে সিদ্ধান্ত হয়নি। সূত্রমতে, ঢাকা সিটি করপোরেশনের বর্তমানের ৯০টি ওয়ার্ডকে দুই ভাগ করে উত্তর ও দক্ষিণের সীমানা নির্ধারণ করা হবে। থাকবেন দুজন মেয়র। আবার চারটি ভাগ হলে পূর্ব ও পশ্চিম নামে হতে পারে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও গাজীপুরেও দুজন মেয়র নির্বাচিত হবেন। গাজীপুর সিটি করপোরেশনের আওতায় গাজীপুর ও টঙ্গী পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদ রাখার পরিকল্পনা করা হয়েছে। আর নারায়ণগঞ্জের মধ্যে নারায়ণগঞ্জ, কাঞ্চন, সিদ্ধিরগঞ্জ পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদ থাকবে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধন করারও উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে সংশোধিত আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। আইনে পাঁচ বছর মেয়াদ শেষ হলে পদের স্বাভাবিক অবসানের বিধান রাখা হয়েছে। মেয়াদ শেষ হলে পরবর্তী নির্বাচন পর্যন্ত মেয়রের পরিবর্তে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। নতুন আইন পাস করেই ঢাকা সিটি করপোরেশনের আগামী নির্বাচন করার পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি করপোরেশন এলাকার ১৫ সাংসদকে নিয়ে দুই দফা বৈঠক করেন। সেখানে সিটি করপোরেশনের কর্মকাণ্ড এবং এর সক্ষমতা নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী ড্যাপ এলাকাকে সিটি করপোরেশন এলাকার মধ্যে আনার নির্দেশনা দেন। এ জন্য প্রয়োজনে চারটি সিটি করপোরেশন করার উদ্যোগ নিতে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। ঢাকার সাংসদদের ওই বৈঠকে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ নির্বাচনী এলাকার সাংসদ জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, রাজধানীর আয়তন বাড়ানোর জন্যই সরকার ড্যাপ অনুমোদন করেছে। এখন পুরো ড্যাপ এলাকাকে সিটি করপোরেশনের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এ জন্যই কয়েকটি পৌরসভা নির্বাচন স্থগিত করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রায় দেড় কোটি লোকের বিশাল এ শহরকে একটি সিটি করপোরেশনের পক্ষে সামাল দেওয়া অসম্ভব। এ জন্য অন্তত দুটি সিটি করপোরেশন করা হবে। সিটি করপোরেশনকে কার্যকর করতেই এ আইনের খুঁটিনাটি কিছু সংশোধন ও পরিমার্জন করা প্রয়োজন।স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী গতকাল প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জ ও গাজীপুরকে সিটি করপোরেশন করার প্রস্তাব কমিটি অনেক আগেই দিয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাকে কমপক্ষে দুই ভাগে ভাগ করে দুটি সিটি করপোরেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন আইন পাস করে এটি বাস্তবায়ন করতে হবে।রহমত আলী আরও বলেন, সব সিটি করপোরেশনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসক নিয়োগের জন্য নতুন সংশোধনী প্রয়োজন। এটা থাকলে ঢাকার মেয়রের মতো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে কেউ আট বছর ক্ষমতায় থাকতে পারতেন না। দুর্নীতিও এত হতো না। জানা গেছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৩(১) ও ৬ অনুচ্ছেদ সংশোধন করা হচ্ছে। বর্তমান আইনের ৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের অধীনে প্রতিষ্ঠিত ঢাকা, বরিশাল, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশন হিসেবে গণ্য হবে। এখানে প্রস্তাবিত নতুন সিটি করপোরেশনগুলোর নাম সংযোজন করে করপোরেশনের সংখ্যা বাড়ানো হবে। আইনের ৬ অনুচ্ছেদ সংশোধন করে প্রস্তাব করে বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদ শেষে পূর্ববর্তী পরিষদ আপনাআপনিই বিলুপ্ত হয়ে যাবে এবং পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। এই অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক আদেশে একজন প্রশাসক নিয়োগ করতে পারবে। প্রশাসকের মেয়াদ তাঁর নিয়োগের চিঠিতে উল্লেখ করা থাকবে। বর্তমান আইনে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত সিটি করপোরেশনের প্রথম সভা না হওয়া পর্যন্ত মেয়র দায়িত্ব পালন করার কথা বলা আছে। বর্তমান ঢাকা সিটি করপোরেশন এলাকার আয়তন প্রায় ৩৬০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় দেড় কোটি। ভোটারসংখ্যা ৩৭ লাখ ৫৫ হাজার ৬৯০। ২০০৭ সালের ১৪ মে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়।১৫ পৌরসভা নির্বাচন স্থগিত: গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তফসিল ঘোষিত ১৫টি পৌরসভা নির্বাচন স্থগিত করতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে। এসব পৌরসভা হলো গাজীপুর, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, টঙ্গী, রংপুর, কুমিল্লা, কুমিল্লা সদর দক্ষিণ, বাঘাইছড়ি, কুষ্টিয়া, মাগুরা, পূর্বধলা, বোদা, লোহাগড়া ও বাগাতিপাড়া। এর মধ্যে আটটি পৌরসভার নির্বাচন হবে না মামলা, সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা ও বিলুপ্তির কারণে। আর বাকি সাতটি স্থগিত করা হয়েছে সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত করার জন্য। ঢাকার বাইরে রংপুর ও কুমিল্লা পৌরসভাকেও সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হবে। গতকাল নির্বাচন কমিশনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব হারুন-রশীদ বিশ্বাসের পাঠানো এক চিঠিতে এসব বলা হয়েছে।