ড্যাপের বাস্তবায়ন আটকে গেছে!
ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) বাস্তবায়ন আটকে গেছে। গত ছয়-সাত মাসেও মাঠপর্যায়ে ড্যাপের কোনো কার্যক্রম শুরু করা হয়নি। এমনকি মাঠপর্যায়ে কাজ শুরু করার জন্য যে কর্মপরিকল্পনা করা দরকার, সে ব্যাপারেও কোনো অগ্রগতি নেই। এর পেছনে প্রভাবশালী আবাসন ব্যবসায়ী, ভূমির মালিক ও সাংসদসহ সরকারের অভ্যন্তরে তাঁদের প্রতিনিধিদের কারসাজি আছে বলে অভিযোগ রয়েছে। তবে এ অভিযোগের সত্যতার পাশাপাশি নগর পরিকল্পনাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সরকার ড্যাপ অনুমোদন করে গেজেট প্রকাশ করায় এটি সবার জন্য অবশ্য পালনীয় বিষয় হয়েছে। এ কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) যেকোনো ধরনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ড্যাপ অনুসরণ করছে। একইভাবে আদালত থেকেও ড্যাপের পরিপন্থী প্রকল্পের বিরুদ্ধে রায় পাওয়া যাচ্ছে।ড্যাপ আটকে থাকা প্রসঙ্গে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ড্যাপ কার্যকর আছে। এ ব্যাপারে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটির কাজ শেষ হলেই আমরা দ্রুত মাঠপর্যায়ে ড্যাপের বাস্তবায়নে যাব। মন্ত্রিসভা কমিটির কাজ শিগগিরই শেষ হবে।’মন্ত্রিসভা কমিটি: গত বছরের ২১ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্যাপ অনুমোদন করে গেজেট প্রকাশের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি একই সঙ্গে ড্যাপ পর্যালোচনার জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠনেরও নির্দেশনা দেন। সে অনুযায়ী গত বছরের ২২ জুন গণপূর্ত মন্ত্রণালয় ড্যাপ অনুমোদনের গেজেট প্রকাশ করে।এরপর ২৯ জুন আরেকটি গেজেট প্রকাশ করে স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই গেজেটে বলা হয়, ‘সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) আরও বিশদভাবে পর্যালোচনাক্রমে চূড়ান্তকরণের নিমিত্ত’ মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। ওই কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মতামত পর্যালোচনাক্রমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্তকরণ।’ গেজেটে কমিটির কাজের কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে গঠনের পর কমিটি একটি সভা করেছে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিটির সামনে পূর্ণাঙ্গ ড্যাপ উপস্থাপন করেন। কমিটির এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে আমরা বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। পৌরসভা নির্বাচন ঘিরে এখন একটু ব্যস্ততা আছে। এর পরই কমিটি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় বসবে। তারপর মন্ত্রিসভার জন্য প্রতিবেদন তৈরিতে আর বেশি সময় লাগবে না।’ড্যাপের প্রেক্ষাপট: কয়েকজন নগর পরিকল্পনাবিদ বলেন, একটি মহানগর গড়ে তোলার জন্য ন্যূনতম কিছু পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা অপরিহার্য। তিনটি ধাপে এই পরিকল্পনা করা হয়। এক, কাঠামোগত পরিকল্পনা (স্ট্রাকচার প্ল্যান)। দুই, নগরায়িত এলাকার পরিকল্পনা (আরবান এরিয়া প্ল্যান) এবং তিন, ‘ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ)’।যুক্তরাজ্যের একটি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকা মহানগর উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) প্রণীত হয় ১৯৯৩-৯৫ সালে। এতে কাঠামোগত ও নগরায়িত এলাকার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এরপর ওই পরিকল্পনা অনুযায়ী ড্যাপ প্রণয়ন করে সেই অনুযায়ী ঢাকা মহানগরের সব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হওয়ার কথা।১৯৯৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার ডিএমডিপি অনুমোদন করে গেজেট প্রকাশ করে। কিন্তু ড্যাপ প্রণয়নের পদক্ষেপ তখন নেওয়া হয়নি। এই পদক্ষেপ নেওয়া হয় ২০০৪ সালে। ২০০৬ সালে ড্যাপ প্রণয়নের কাজ শেষ হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে মহানগর এলাকাকে চার ভাগে বিভক্ত করে চারটি আলাদা প্রতিষ্ঠানকে ওই কাজ দেওয়া হয়। কিন্তু তারা মোট ২০ খণ্ডে ড্যাপ দাখিল করে ২০০৭ সালে। রাজউক পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এই ড্যাপের ওপর মতামত আহ্বান করে। কয়েক হাজার লোক মতামত দেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও ড্যাপ নিয়ে সরকারি পর্যায়ে সভা, আলোচনা হয়। বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি পর্যালোচনা কমিটি করা হয় ড্যাপ প্রতিবেদন চূড়ান্ত করার জন্য। কমিটির সদস্য ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব ও পদাধিকারবলে ড্যাপের প্রকল্প পরিচালক। কমিটি মোট ৩৭টি সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।এরপর ড্যাপ প্রণয়নকারী চারটি প্রতিষ্ঠান কমিটির সুপারিশসমূহ সন্নিবেশিত করে তাদের প্রতিবেদন চূড়ান্ত করে। কিন্তু তা যথাযথভাবে করা হয়েছে কি না, তা পর্যালোচনার জন্য আবার জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ড্যাপের ভূমি ব্যবহারের বিষয়ে প্রাপ্ত অন্যান্য মতামত ও প্রস্তাব প্রচলিত বিধিবিধান ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ করারও দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়। গত বছর এপ্রিল মাসে এই বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদন দাখিল করে।কমিটির সুপারিশ: কমিটি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফার্মিং) হিসেবে চিহ্নিত করে সেগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করে। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি ও ১০টি বেসরকারি। সরকারি প্রকল্প হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পের সম্প্রসারিত অংশ; পানগাঁও কনটেইনার পোর্ট; কেরানীগঞ্জের সোনাকান্দার বিসিক শিল্পনগর; সাভারের বলিয়ারপুরে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান ও কেরানীগঞ্জের প্রস্তাবিত জেলখানা এবং কেরানীগঞ্জে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রস্তাবিত প্রশিক্ষণ এলাকার জন্য জমি অধিগ্রহণ প্রকল্প।বেসরকারি প্রকল্পগুলো হচ্ছে: সাভারের বিলামালিয়ায় মধুমতি মডেল টাউন ও ইস্টার্ন মায়াকানন; দক্ষিণ রামচন্দ্রপুরের অ্যাডভান্সড অ্যাঞ্জেল সিটি; আশুলিয়া মডেল টাউন; কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্প; গাজীপুরের প্রবাসী পল্লি আবাসিক প্রকল্প; টঙ্গী পৌর এলাকার প্রত্যাশা আবাসিক প্রকল্প; উত্তরখানের শতাব্দী হাউজিং; সাভারের উত্তর কাউন্দিয়া মৌজার প্রস্তাবিত আদর্শ শিক্ষক আবাসিক প্রকল্প এবং সাভারের রামচন্দ্রপুরের ঢাকা উদ্যান ও অন্যান্য আবাসিক প্রকল্প। এর অধিকাংশ প্রকল্প অননুমোদিত।কমিটির সুপারিশে মোট ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া প্রসঙ্গে বলা হয়েছে, ড্যাপের বন্যাপ্রবাহ এলাকায় এমনভাবে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যা কোনোভাবেই নগর পরিকল্পনায় স্থান দেওয়া যায় না। এই শিল্পগুলো শ্রেণী অনুযায়ী বিভিন্ন শিল্প এলাকায় এবং অনুমোদিত স্থানে সরিয়ে নেওয়া অপরিহার্য। কিন্তু এই কাজগুলোর বাস্তবায়ন শুরু হচ্ছে না।স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, ঢাকা মহানগরে উন্নয়নকাজে নিয়োজিত প্রায় অর্ধশত প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা ড্যাপের আলোকে সমন্বয় করতে হবে। যেসব রাস্তা সরু, তা প্রশস্ত করতে হবে। যেসব ভবন বিপজ্জনক, সেগুলো অপসারণ করতে হবে। ড্যাপের বিধান অনুযায়ী এ জন্য ক্ষেত্রবিশেষে সরকারি প্রণোদনা দেওয়াও দরকার হতে পারে। এ কাজগুলো মাঠপর্যায়ে শুরু হওয়া জরুরি। এ জন্য রাজউককে কর্তৃত্ব দিতে হবে।একটি স্পর্শকাতর এলাকা: ড্যাপ অনুযায়ী রূপগঞ্জে শীতলক্ষ্যা ও বালু নদীর মধ্যবর্তী স্থানে কোনো আবাসন প্রকল্প হতে পারে না। ড্যাপে ওই এলাকাটি ‘অত্যন্ত স্পর্শকাতর বন্যাপ্রবাহ অঞ্চল’ ও ‘দূষণ নিয়ন্ত্রণ এলাকা’ হিসেবে চিহ্নিত রয়েছে। রূপগঞ্জের যে স্থানে সেনা আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করা হয়েছে, সেই সম্পূর্ণ স্থানটি ওই স্পর্শকাতর এলাকার মধ্যে পড়েছে বলে সরকারি-বেসরকারি সূত্রে জানা গেছে।কয়েকজন নগর পরিকল্পনাবিদ প্রথম আলোকে বলেন, ড্যাপ অনুযায়ী রূপগঞ্জের ওই এলাকাটি এমন যে সেখানে যারা উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষের জায়গার মালিক হয়েছেন, তাঁরাও ওই জমির প্রকৃতি পরিবর্তন করতে পারবেন না। তাঁরা কৃষিকাজ, মাছ চাষ প্রভৃতি করতে পারেন।স্থপতি ইকবাল হাবিব বলেন, রূপগঞ্জের ওই এলাকাটি বন্যাপ্রবাহ অঞ্চল ও দূষণ নিয়ন্ত্রণ এলাকা ছাড়াও ঢাকা মহানগরের জন্য দীর্ঘ মেয়াদে নদীর পানি জোগান দেওয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ড্যাপ অনুযায়ী ওখানে কৃষি, মাছ চাষ, শুকনো মৌসুমে খেলাধুলা, নদী পারাপারের জন্য ফেরিঘাট স্থাপন ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না।ডিএমডিপির ১ নম্বর ভলিয়মে ঢাকার কাঠামোগত পরিকল্পনার (স্ট্রাকচার প্ল্যান ১৯৯৫-২০১৫) ৫৩ ও ৫৪ নম্বর পৃষ্ঠায় রূপগঞ্জের আলোচ্য এলাকাটির মতো বন্যাপ্রবাহ অঞ্চল ও দূষণ নিয়ন্ত্রণ এলাকায় কী কী করা যাবে, কী করা যাবে না, তার বর্ণনা রয়েছে বলে ইকবাল হাবিব জানান।