ড্যাপের বাস্তবায়ন নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পূর্ণাঙ্গ বাস্তবায়নের ব্যাপারে সংশয় সৃষ্টি হয়েছে। কারণ এ জন্য যেসব উর্বর কৃষিভূমি, বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয় পুনরুদ্ধার এবং শিল্পপ্রতিষ্ঠান স্থানান্তর করা অপরিহার্য, সেগুলো সম্পর্কে প্রায় এক বছরেও সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।অন্যদিকে মাঠপর্যায়ে ড্যাপের বাস্তবায়ন শুরু করতে যে কর্মপরিকল্পনা দরকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এখন পর্যন্ত তা প্রণয়ন করতে পারেনি। তবে রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, নতুন কোনো প্রকল্প কিংবা স্থাপনা অনুমোদনের ক্ষেত্রে রাজউক পুরোপুরি ড্যাপ অনুসরণ করছে। রাজধানীর উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত অন্যান্য সংস্থাকেও রাজউক একই নীতি অনুসরণ করার অনুরোধ করেছে।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্র জানায়, প্রতিবেশগত দিক দিয়ে রাজধানীর যেসব স্পর্শকাতর এলাকায় কৃষিভূমি, বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয় নষ্ট করে বিভিন্ন প্রকল্প গড়ে তোলা হয়েছে, সেগুলো অপসারণ করে ওই ভূমি পুনরুদ্ধার করা সম্ভব না হলে ড্যাপের কোনো সুফল পাওয়া যাবে না।ড্যাপ পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফার্মিং) হিসেবে চিহ্নিত করে সেগুলো অপসারণের সুপারিশ করেছিল। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি, ১০টি বেসরকারি। ড্যাপের পরিপন্থী এসব প্রকল্পের কোনো কোনোটির বিরুদ্ধে উচ্চ আদালতের রায়ও রয়েছে।ড্যাপ বাস্তবায়নে অনিশ্চয়তা প্রসঙ্গে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের দিন থেকে ড্যাপ কার্যকর আছে। স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন মন্ত্রিসভা কমিটির কাজ শেষ হলেই দ্রুত মাঠপর্যায়ে ড্যাপের বাস্তবায়ন শুরু হবে। মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে কাজ চলছে।একটি মাত্র সভা: গত বছর ২১ জুন মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্যাপ অনুমোদন করে গেজেট প্রকাশের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ড্যাপ পর্যালোচনার জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠনেরও নির্দেশনা দেন।সে অনুযায়ী পরদিন ২২ জুন গণপূর্ত মন্ত্রণালয় ড্যাপ অনুমোদনের গেজেট প্রকাশ করে। এর এক সপ্তাহ পর ২৯ জুন আরেকটি গেজেট প্রকাশ করে স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট সাতটি মন্ত্রণালয়েক সম্পৃক্ত করে মন্ত্রিসভা কমিটি ঘোষণা করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই গেজেটে বলা হয়, ‘সরকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) আরও বিশদভাবে পর্যালোচনাক্রমে চূড়ান্তকরণের নিমিত্ত’ মন্ত্রিসভা কমিটি গঠন করেছে।মন্ত্রিসভা কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ‘জনপ্রতিনিধিদের পরামর্শ, ওয়েবসাইট ও অন্যান্য মাধ্যম থেকে পাওয়া মতামত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মতামত পর্যালোচনাক্রমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ডিটেইল্ড এরিয়া প্লান (ড্যাপ) চূড়ান্তকরণ।’গেজেটে কমিটির কাজের কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। তবে গঠনের পর প্রায় এক বছরে কমিটি একটি মাত্র সভা করেছে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিটির সামনে পূর্ণাঙ্গ ড্যাপ উপস্থাপন করেন। এরপর কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কমিটি কথা বলেছে। জনপ্রতিনিধিদের সঙ্গে সভায় বসারও কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত তা আর হয়নি।৬০টি আবেদন: ইতিমধ্যে বিভিন্ন আবাসন ও ভূমি উন্নয়ন কোম্পানির পক্ষ থেকে মন্ত্রিসভা কমিটির কাছে প্রায় ৬০টি আবেদন জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এসব আবেদনের বিষয়বস্তু একটাই—ড্যাপে কৃষিভূমি, বন্যাপ্রবাহ অঞ্চল ও জলাশয় হিসেবে চিহ্নিত জমি পুনরুদ্ধার করে যেন তাদের প্রকল্প ক্ষতিগ্রস্ত করা না হয়।সরকারি সূত্র জানায়, ড্যাপভুক্ত মোট এলাকার (৫৯০ বর্গমাইল) ৩২ দশমিক ১৮ শতাংশ সংরক্ষিত রাখা হয়েছে বন্যাপ্রবাহ অঞ্চল, জলাভূমি ও জলাশয় হিসেবে। এই শ্রেণীর ভূমির মধ্যে প্রায় আড়াই হাজার একর ভূমিতে আবাসন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং তোলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া ড্যাপভুক্ত এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে দুই হাজার ৭২৪টি ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান। এগুলো থাকলে নগরে জলাবদ্ধতা ও বন্যার প্রকোপ বৃদ্ধিসহ প্রতিবেশগত অনেক বিরূপ পরিস্থিতির শিকার হতে হবে নগরবাসীকে।কিন্তু সরকার তথা ওই মন্ত্রিসভা কমিটি প্রায় এক বছরেও এসব ভূমি পুনরুদ্ধারের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। সরকারি সূত্র জানায়, সিদ্ধান্ত নিতে বিলম্বের জন্যই মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসছে না।রাজউকে সভা: তবে রাজউক বসে নেই বলে দাবি করে সংস্থার চেয়ারম্যান বলেন, গত ২২ মে তিনি রাজধানীর উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের নিয়ে সভা করেছেন। ওই সভায় ড্যাপ বাস্তবায়নে সমন্বিত কার্যক্রম পরিচালনায় তাঁরা একমত হয়েছেন।ওই সভায় সিটি করপোরেশন, ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, ডেসকো, ডিএমপি, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন বোর্ডসহ ১৪টি সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর মধ্যে কয়েকটি সংস্থার প্রতিনিধিরা প্রথম আলোকে বলেন, সভায় ড্যাপ বাস্তবায়নে সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে রাজউকের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে, কোনো প্রকল্প বা স্থাপনা নির্মাণে ছাড়পত্র দেওয়ার আগে তাঁরা যেন ড্যাপ খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আবেদনকারীর পক্ষে রাজউকের ইস্যু করা ভূমি ব্যবহার সনদ (ল্যান্ড ইউজ সার্টিফিকেট) দেখে সিদ্ধান্ত নেন। সভায় আলোচিত এসব কর্মপন্থা সবই ভবিষ্যৎ প্রকল্পের জন্য। অর্থাৎ এখন নতুন করে যে প্রকল্প বাস্তবায়নের জন্য কেউ রাজউকের অনুমোদন নিতে যাবেন, তাঁর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেসব প্রকল্প অপরিকল্পিত ও অননুমোদিতভাবে হয়ে আছে এবং ড্যাপ বাস্তবায়নের জন্য যেগুলো অপসারণ করা অপরিহার্য, সেগুলোর ক্ষেত্রে কী হবে জানতে চাইলে রাজউক চেয়ারম্যান বলেন, সে ব্যাপারে তাঁদের নির্ভর করতে হবে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত ও সুপারিশের ওপর।সুপারিশ: ড্যাপ পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি ১৬টি প্রকল্প ও দুই হাজার ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠানকে ড্যাপের সঙ্গে অসংগতিপূর্ণ (নন-কনফার্মিং) হিসেবে চিহ্নিত করে সেগুলো সরিয়ে নেওয়ার সুপারিশ করে। প্রকল্পগুলোর মধ্যে ছয়টি সরকারি। এগুলো হলো: ঝিলমিল আবাসিক প্রকল্পের সম্প্রসারিত অংশ; পানগাঁও কনটেইনার পোর্ট; কেরানীগঞ্জের সোনাকান্দার বিসিক শিল্পনগর; সাভারের বলিয়ারপুরে ঢাকা সিটি করপোরেশনের বর্জ্য ফেলার স্থান, কেরানীগঞ্জের প্রস্তাবিত জেলখানা এবং কেরানীগঞ্জে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রস্তাবিত প্রশিক্ষণ এলাকার জন্য জমি অধিগ্রহণ প্রকল্প। বেসরকারি ১০টি প্রকল্প হলো: সাভারের বিলামালিয়ায় মধুমতি মডেল টাউন ও ইস্টার্ন মায়াকানন; দক্ষিণ রামচন্দ্রপুরের অ্যাডভান্সড অ্যাঞ্জেল সিটি; আশুলিয়া মডেল টাউন; কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক প্রকল্প; গাজীপুরের প্রবাসী পল্লী আবাসিক প্রকল্প; টঙ্গী পৌর এলাকার প্রত্যাশা আবাসিক প্রকল্প; উত্তরখানের শতাব্দী হাউজিং; সাভারের উত্তর কাউন্দিয়া মৌজার প্রস্তাবিত আদর্শ শিক্ষক আবাসিক প্রকল্প এবং সাভারের রামচন্দ্রপুরের ঢাকা উদ্যান ও অন্যান্য আবাসিক প্রকল্প। এর অধিকাংশ প্রকল্প অননুমোদিত।কমিটির সুপারিশে ৭২৪টি শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া প্রসঙ্গে বলা হয়েছে, ড্যাপের বন্যাপ্রবাহ এলাকায় এমনভাবে এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যা কোনোভাবেই নগর পরিকল্পনায় স্থান দেওয়া যায় না। এই শিল্পগুলো শ্রেণী অনুযায়ী বিভিন্ন শিল্প এলাকায় এবং অনুমোদিত স্থানে সরিয়ে নেওয়া অপরিহার্য। কিন্তু এ সম্পর্কে এখন পর্যন্ত সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।