ড্যাব মহাসচিবের বিরুদ্ধে অভিযোগ নির্জলা মিথ্যা: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সংগঠিত করায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ নির্জলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।আজ সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। চিকিৎসক জাহিদকে গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মির্জা ফখরুল দাবি করেন, সরকারবিরোধী ও পেশাজীবীদের স্বার্থে আন্দোলনের নেতৃত্বের কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ইমপালস হাসপাতালের সঙ্গে জাহিদ কিংবা তাঁর কোনো স্বজনদের সম্পৃক্ততা নেই।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। নিজেদের রাজত্ব দীর্ঘস্থায়ী করতে পোড়ামাটি নীতি অবলম্বন করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। তাদের নিজেদের মধ্যে এখন বেসামাল অবস্থা। মগবাজারে ক্লিনিক থেকে তুলে নেওয়ার পর জাহিদের ওপর নির্যাতন চালানো হয় বলেও তিনি অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক প্রমুখ।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদ হোসেনকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে সরকারের ফ্যাসিবাদী আচরণের প্রকাশ পেয়েছে।