এক চিকিৎসককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ড্যাবনেতা মাজহারুল ইসলাম ওরফে দোলনসহ দুই চিকিৎসকের চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। অন্যজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের চিকিৎসা কর্মকর্তা এরফানুল হক সিদ্দিকী। আদালতে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মিয়া। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক।জানা যায়, হত্যার হুমকি ও চেষ্টার অভিযোগে ৩ সেপ্টেম্বর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাখখারুল ইসলাম রাজধানীর পল্লবী থানায় এই মামলাটি করেন। এ মামলায় আজ ওই দুজন আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। আদালত জামিন মঞ্জুর করেন।