ড্যাবের মহাসচিব জাহিদ গ্রেপ্তার
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেনকে আজ রোববার রাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, নাখালপাড়ায় একটি হাসপাতাল ভবনের ভিত তৈরির জন্য খোঁড়া গর্ত (পাইলিং) ধসে পড়ার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ ঘটনাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর নাখালপাড়ায় ইমপালস হাসপাতাল ও মেডিকেল কলেজের ভবনের ভিত তৈরির জন্য খোঁড়া গর্ত ধসে পড়ে। দুটি একতলা বাড়ি, একটি রাস্তার অংশবিশেষ ও একটি টিনশেড ঘর ওই গর্তে পড়ে যায়। আশপাশের দুটি পাঁচতলা বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে ফাটলের সৃষ্টি হয়।জাহিদ হোসেনের ঘনিষ্ঠ চিকিৎসকেরা জানিয়েছেন ইমপালস হাসপাতালের সঙ্গে ড্যাবের নেতা জাহিদ কোনোভাবেই জড়িত নন। ইমপালস হাসপাতাল ও মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালকের নাম জাহিদ আল-আমিন। তিনি বারডেম হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া জাহিদ হোসেনের ঘনিষ্ঠরা ধারণা করছেন, ইমপালস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদের সঙ্গে ড্যাবের নেতা জাহিদের নাম গুলিয়ে ফেলেছে পুলিশ।জাহিদ হোসেনের ঘনিষ্ঠ এক চিকিৎসক প্রথম আলোকে জানান, আজ রাত আটটার দিকে মগবাজারের উদয়ন টাওয়ারের চেম্বার থেকে তাঁকে গ্রেপ্তার করেন ডিবির কর্মকর্তারা। একটি সাদা রঙের মাইক্রোবাসে তাঁকে নিয়ে যাওয়া হয়।ওই চিকিৎসক জানান, মাইক্রোবাসে ধরে নিয়ে যাওয়ার সময় অধ্যাপক জাহিদের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। তিনি (জাহিদ) জানান, নাখালপাড়ায় হাসপাতাল ভবন তৈরির জন্য পাইলিং ধসে পড়ার ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। তবে এ ঘটনায় তিনি জড়িত নন। ওই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ নামের অন্য এক চিকিৎসক। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে।এ বিষয়ে জানতে চাইলে ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, তেজগাঁওয়ে ভবন তৈরির জন্য পাইলিং ধসে পড়া ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি জাহিদ। ওই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, পাইলিং ধসে পড়ার ওই ঘটনায় মোট সাতটি মামলা হয়েছে।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতি মামলায় জাহিদ হোসেন ১৩ বছরের সাজাপ্রাপ্ত হন। দুর্নীতির মামলার তাঁর স্ত্রী রিফাত হোসেনেরও তিন বছরের সাজা হয়েছিল। এই দম্পতির তিন কোটি নয় লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত হয়েছিল। গত ২০০৮ সালের ২৫ মে আদালত তাঁর বিরুদ্ধে রায় দেন। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। এই পদ থেকেই তিনি চাকরিচ্যুত হন।