ড্র ম্যাচে ‘জয়ের’ দীপ্তি
১৫ ওভারে প্রয়োজন ১২৮ রান। টি-টোয়েন্টির দর্শক নিশ্চয় একটু অবাকই হয়েছেন দুই দল ড্র মেনে নেওয়ায়। টি-টোয়েন্টি যে সাড়ে আট আস্কিং রেটকে কোনো ব্যাপারই নয় মনে করতে শিখিয়েছে।তবে টেস্ট ম্যাচ বোঝেন, এমন দর্শকের একটুও অবাক হওয়ার কথা নয়। টেস্টে এটা হয় না। ওয়ানডের মতো এখানে ফিল্ডিং অধিনায়কের হাত-পা বাঁধা নয়। ফিল্ডিং বাধ্যবাধকতা নেই। বোলারদের কোটা নেই। ওয়াইডের নিয়মও অনেক শিথিল। টেস্টে ১৫ ওভারে ১২৮ অনেক কঠিন। শেষ দিনের উইকেটে তো অসম্ভবই বলা যায়। ওয়েস্ট ইন্ডিজ তা মেনে নিল। বাংলাদেশও মানল, ১৫ ওভারে ৮ উইকেট তুলে নেওয়াটা কল্পনাবিলাস ছাড়া আর কিছু নয়। এক ঘণ্টা বাকি থাকতেই তাই ড্র মেনে নিলেন দুই অধিনায়ক।ড্র তো ড্র-ই। তবে মাঠে দুই অধিনায়কের করমর্দনে, পুরস্কার বিতরণীতে, এমনকি সংবাদ সম্মেলনেও এই ড্র টেস্টের ‘বিজয়ী’ বলে মনে হলো বাংলাদেশকে। ড্র ম্যাচে নৈতিক বিজয় বলে একটা কথা থাকে। তিন দিন পর শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মানসিকভাবে এগিয়ে রাখা সেই জয়টা বাংলাদেশেরই। ‘তিন দিনের’ এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে যে বাংলাদেশ যা চায়, তা-ই করে যেতে হলো! মুশফিকুর রহিমই থাকলেন নিয়ন্তার ভূমিকায়। ড্যারেন স্যামি আজ্ঞাবহ।প্রথম ইনিংসে ডিক্লেয়ার করেছিলেন মুশফিকুর রহিম। ডিক্লেয়ার করলেন দ্বিতীয় ইনিংসেও। এর আগে ৬৯টি টেস্টে বাংলাদেশ মাত্র তিনবার ইনিংস ডিক্লেয়ার করতে পেরেছিল। আর এই টেস্টে দুই দিনের মধ্যে দুবার! জয় পেলেই শুধু টেস্ট অধিনায়কত্বে মুশফিকুর রহিমের অভিষেকটা এর চেয়ে স্মরণীয় হতে পারত। একটা জায়গায় অবশ্য তৃপ্তি খুঁজতে পারেন মুশফিক। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই দুবার ইনিংস ঘোষণা করার আনন্দ মুশফিকের আগে পেয়েছেন মাত্র তিনজন—পাকিস্তানের ওয়াকার ইউনিস এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। বাংলাদেশের আর কোনো অধিনায়ক যেখানে এমন কিছু ভাবারই অবকাশ পাননি, সেখানে প্রথম টেস্টেই দুবার ম্যাচের গতি-প্রকৃতির নিয়ন্তা হতে পারাটা তো উদ্যাপন করার মতোই উপলক্ষ।বৃষ্টি আর মাঠের জঘন্য নিষ্কাশনব্যবস্থা মিলে টেস্ট ম্যাচটা ধ্বংস হয়ে গেছে আগেই। তবে শেষ দুই দিন একেবারে নিরুত্তাপ কাটেনি। বরং বলা যায়, ঘটনার ঘনঘটা। ইলিয়াস সানির স্মরণীয় অভিষেক, ড্যারেন স্যামির প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি, মুশফিকুরের দ্বিতীয় বার ডিক্লারেশন—নিষ্প্রাণ ড্রতে শেষ হওয়া ‘তিন দিনের টেস্টে’র শেষ দুই দিনে আর কী চান!চাওয়াটা অবশ্য আরও বড় হয়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের শুরুতেই। প্রথম ইনিংসে ইলিয়াস সানির ৬ উইকেট। মনস্তাত্ত্বিক খেলা খেলতে প্রথম ওভারেই তাই তাঁর হাতে বল। চতুর্থ বলেই ক্রেইগ ব্রাফেটকে এলবিডব্লু করে ইলিয়াস একটা অসম্ভব আশা ছড়িয়ে দিলেন—হয়েও যেতে পারে! এই ওয়েস্ট ইন্ডিজকে কোনো বিশ্বাস নেই!৫৮ রানে সাকিব যখন লেন্ডল সিমন্সকে ফিরিয়ে দিলেন, তখনো হয়তো নড়েচড়ে বসেছেন অতি আশাবাদীরা। একটা ধস নামলেই তো হয়! তখনো প্রায় ২৩ ওভার বাকি। বল টার্ন করছে। দ্রুত আরও দু-তিনটি উইকেট পড়ে গেলে তো বোলিংয়ের সঙ্গে কাঁপুনিরও মোকাবিলা করতে হবে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের। কিন্তু আর উইকেটই পড়ল না। পূরণ হলো না মুশফিকুরের আশাটাও। না, বাংলাদেশ-অধিনায়ক জয়ের আশা করেননি। তিনি অনেক বাস্তববাদী। চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৭ ওভারে ২২৬ রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার সময় তাঁর সর্বোচ্চ চাওয়া ছিল, ‘যদি ওদের চার-পাঁচটা উইকেট ফেলে দিতে পারি!’টেস্ট ম্যাচে ৩৭ ওভারে প্রতিপক্ষ দলকে অলআউট করে দিতে বিশ্বের সেরা বোলিং লাইনআপও বিশবারের মধ্যে উনিশবারই ব্যর্থ হবে। আর বাংলাদেশের বোলারদের কাছে এমন কিছু আশা করাটাই রসিকতা। প্রশ্নটা তাই উঠবেই, ডিক্লেয়ারই যদি করা হবে, দ্বিতীয় ইনিংসে আরেকটু চালিয়ে খেলে আরেকটু আগে দান ছেড়ে দেওয়া যেত না? বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের রানরেট মাত্র ২.৮৩। ইনিংস ঘোষণা করার আগের ৫ ওভারে রান মাত্র ১৯!মুশফিকের দোষ নেই। ভবিষ্যতে একই পরিস্থিতিতে পড়লে হয়তো ‘৪-৫ উইকেট’ নেওয়ার বদলে তিনি জয়ের কথাই ভাববেন। তাঁর বা বাংলাদেশ দলের যে এমন পরিস্থিতির সঙ্গে পরিচয়ই নেই। ঝুঁকি নেওয়ার সাহসটা আসবে কোত্থেকে?এই ম্যাচে জয়ের আশা করাটা অবশ্য বাড়াবাড়িই হতো। সংবাদ সম্মেলনে মুশফিকের ব্যাখ্যাটা খুবই গ্রহণযোগ্য। সকালে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসটা যদি দুই শ রানের নিচে শেষ করে দেওয়া যেত, শুধু তা হলেই ডিক্লারেশনের কথা ভেবে ব্যাটিং করতে পারত বাংলাদেশ।কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আগের দিনের ৫ উইকেটে ১৪৪ রানের সঙ্গে ঠিক ১০০ রান যোগ করে ফেলল। ড্যারেন স্যামি যে প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি করার জন্য ম্যাচের এই সন্ধিক্ষণটাকেই বেছে নিলেন। সেই হাফ সেঞ্চুরিও দুর্দান্ত পাল্টা আক্রমণে। মাত্র ৪৩ বলে ৫৮—চার আর ছয় থেকেই ৪৪ রান। ৬ উইকেটে ১৫২ রানের নড়বড়ে অবস্থা থেকে দলের উদ্ধারকর্তাও স্যামি।অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট, তাতে দুবার ইনিংস ঘোষণা করার ‘কীর্তি’—মুশফিকুর রহিমের কাছে তো এই টেস্ট স্মরণীয় হয়ে থাকবেই। মুশফিকের চেয়ে বেশি মনে থাকবে অন্য একজনের, যাঁর কাছে এই টেস্টের শেষ দুটি দিন যেন স্বপ্নরাজ্যে উড়ে বেড়ানো। ইলিয়াস সানি অনেক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন কখনো দেখেছেন কি না—এ নিয়েই সংশয় আছে তাঁর ঘনিষ্ঠদের। সেই সানিরই ওয়ানডে-টি টোয়েন্টি খেলার আগেই টেস্ট অভিষেক হয়ে গেল! সে কি অভিষেক!গত পরশু ৪ উইকেট নিয়েছিলেন। কাল সকালে ১০ ওভারের মধ্যে আরও দুই উইকেট। ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট পড়েছে, ৬টিই তাঁর! টেস্ট অভিষেকে ইনিংসে ৮ উইকেটের বেশি নেওয়ার কীর্তি নেই কারও। সেই রেকর্ড ভেঙে দেওয়াও তখন সম্ভাবনার খাতায়। শেষ তিনটি উইকেটই সাকিব তুলে নেওয়ায় ৬ উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে সানিকে। তাতেই অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ, তাতেই এই টেস্টের নাম ‘ইলিয়াস সানির টেস্ট’!বাংলাদেশ: ৩৫০/৯ ডি. ও ১১৯/৩ ডি.ওয়েস্ট ইন্ডিজ: ২৪৪ ও ১০০/২ফল: ড্র