ড্রামে চালের বদলে মিলল যুবকের ত্রিখণ্ডিত লাশ!
সিএনজিচালিত অটোরিকশায় ড্রাম নিয়ে লোকটিকে আসতে দেখে তা বহনের জন্য ছুটে গিয়েছিলেন সদরঘাটের তিন ঘাটশ্রমিক (কুলি) পলাশ, বাদল ও রবি। ড্রামটি নামিয়ে তাঁরা লঞ্চে ওঠালে কৌশলে সেখান থেকে সরে পড়েন ড্রামের মালিক। পরে পুলিশ ড্রামের ভেতর থেকে এক যুবকের ত্রিখণ্ডিত লাশ উদ্ধার করে।গতকাল সোমবার সকালে উদ্ধার হওয়া লাশটির পরিচয় মেলেনি রাত পর্যন্ত। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন ঘাটশ্রমিককে আটক করেছে।আটক ঘাটশ্রমিক পলাশ বলেন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে মধ্যবয়সী এক লোক অটোরিকশায় সদরঘাটের ২ নম্বর টার্মিনালের ফটকে থামেন। অটোরিকশায় ড্রাম দেখে তা বহনের জন্য তাঁরা তিন শ্রমিক দৌড়ে কাছে যান। ড্রামে চাল আছে বলে লোকটি শ্রমিকদের জানান। শ্রমিকদের মজুরি নিয়ে কোনো দরদাম না করে প্লাস্টিকের ড্রামটি চাঁদপুরগামী এমভি সোনার তরী লঞ্চে ওঠাতে বলেন লোকটি। শ্রমিকেরা ড্রামটি ধরে পন্টুন পার হয়ে লঞ্চে ওঠান। এ সময় আরেকটি ড্রাম আছে বলে লোকটি টার্মিনাল থেকে বেরিয়ে যান। দীর্ঘক্ষণ ড্রামের মালিক ফিরে না আসায় এমভি সোনার তরী লঞ্চের কর্মীরা ড্রামটি ৮ নম্বর পন্টুনে নামিয়ে রেখে লঞ্চ ছেড়ে দেন। বিপাকে পড়া শ্রমিকেরা মজুরির অপেক্ষায় ড্রামটি নিয়ে টার্মিনালে দাঁড়িয়ে থাকেন। সকাল আটটার দিকে তাঁরা সদরঘাট ফাঁড়ি পুলিশকে খবর দিলে পুলিশ ড্রামটি খুলে লাশ দেখতে পায়। সদরঘাট ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাসার বলেন, ড্রামটির ওপরের ঢাকনাটি লোহার তার দিয়ে বাঁধা ছিল। এর মুখ খুলতেই ওপরে একটি বস্তা দেখা যায়। বস্তা সরানোর পর কাঁথায় জড়ানো অবস্থায় লাশটি দেখা যায়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশের ঊরু থেকে দুটি পা বিচ্ছিন্ন ও গলার সামনে-পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে হলুদ ফুলহাতা টি-শার্ট ও নীল জিনস। বিচ্ছিন্ন পায়ে ফিতা বাঁধা কেডস পরা ছিল।এদিকে লাশটি কোতোয়ালি থানা, না দক্ষিণ কেরানীগঞ্জ থানা উদ্ধার করবে, তা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পুলিশ সূত্র জানায়, সাধারণত নদীর পাড় পর্যন্ত কোতোয়ালি থানা এলাকা ধরা হয়। নদীর পানি প্রবাহিত অঞ্চল পড়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। কিন্তু লাশটি পাওয়া গেছে পন্টুনের ওপর। শেষ পর্যন্ত সাত ঘণ্টা পর বেলা দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শ্যামল চন্দ্র জানান, রোববার রাতে রাজধানীর কোথাও ওই যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর লাশ গুমের জন্য সদরঘাটে রেখে পালিয়েছে খুনি। পুলিশ নিহত যুবকের পরিচয় ও খুনিদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে।