ড্রেজার ও ক্রেনবাহী নৌযানকে বালুবাহী দেখিয়ে নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে সাতটি নৌযান নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। রাজস্ব আদায় ছাড়াই দুটি এবং নির্ধারিত হারের অনেক কম রাজস্ব নিয়ে পাঁচটি নৌযানের নিবন্ধন দেওয়া হয়েছে। এতে সরকারের দুই কোটি ৭৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। সম্প্রতি সমুদ্র পরিবহন অধিদপ্তরের এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে ঘটনার জন্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে দায়ী করা হয়।সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নৌযান নিবন্ধনে অনিয়মের অভিযোগ ওঠার পর গত ৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তদন্ত কমিটি করা হয়। নাবিক ও প্রবাসী শ্রমিককল্যাণ পরিদপ্তরের চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুল কাদেরকে তিন সদস্যের কমিটির প্রধান করা হয়। কমিটি গত ২১ মার্চ প্রতিবেদন জমা দেয়।তদন্ত কমিটির প্রধান মাহফুজুল কাদের প্রথম আলোকে বলেন, সাতটি নৌযান নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেছে। মূলত রাজস্ব ফাঁকি দিতে ড্রেজার ও ক্রেনবাহী নৌযানকে বালুবাহী নৌকা হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনটি অধিদপ্তরের মহাপরিচালকের কাছে জমা দেওয়া হয়েছে।সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদ বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। প্রতিবেদন পাওয়ার পর যাচাই-বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’তদন্ত প্রতিবেদনে বলা হয়, সদরঘাটে কর্মরত সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক মো. শাহাদাত হোসেন ড্রেজার প্রতিকার-১ ও ক্রেনবোট এমবি তুরাগ-১-কে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অনিয়ম করেছেন। এই দুটি নৌযানে মূল্য সংযোজন কর (মূসক) খাতে এক কোটি ৫৬ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। অবশ্য শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, আমদানি করা ড্রেজারের ক্ষেত্রে একবার রাজস্ব দেওয়ার পর দ্বিতীয়বার রাজস্ব দিতে হয় না। এ কারণেই রাজস্ব আদায় ছাড়াই এসব নৌযানের নিবন্ধন দেওয়া হয়েছে।তবে তদন্ত কমিটির একজন কর্মকর্তা জানান, রাজস্ব বোর্ডের সাধারণ আদেশ নম্বর ১৫/মূসক/২০০৫-এর ২ ধারা অনুযায়ী, ‘নৌযানের ওপর মূসক পরিশোধের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত সমুদ্র পরিবহন অধিদপ্তর কোনো যান্ত্রিক নৌযানের নিবন্ধন দিতে পারে না। বিদেশ থেকে বিযুক্ত অবস্থায় নৌযান আমদানির সময় শুল্ক-কর দিতে হয়। এরপর সংযোজিত নৌযান নিবন্ধনের সময় আবার নির্ধারিত হারে মূসক পরিশোধের বিধান আছে।’ তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এমবি ড্রেজার মাসকারাত-১, এমবি ক্রেনবোট রাফাত-১, এমভি ডাম্ব বার্জ মারকাব-১, এমবি বঙ্গ প্রগতি ও এমবি বঙ্গস্বপ্ন—এই পাঁচটি নৌযান নিয়ম না মেনে নিবন্ধন দেন সাবেক জরিপকারক ও বর্তমানে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম। এই পাঁচটি জাহাজে রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে এক কোটি ২০ লাখ ৮৪ হাজার টাকা।ফখরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তদন্ত কমিটির কাছে তিনি বলেছেন, নৌযানের ভ্যাট নির্ধারণ ও আদায়ের দায়িত্ব কাস্টম কর্তৃপক্ষের।যেভাবে ফাঁকি: কাগজপত্রে কাস্টমস ডিউটিসহ বিযুক্ত অবস্থায় আমদানি করা ড্রেজার প্রতিকার-১-এর দাম পড়েছে প্রায় ৩১ কোটি ৬৯ লাখ টাকা। মোট দামের ৩০ শতাংশ শুল্ক আসে নয় কোটি ৫০ লাখ টাকা। নিয়মানুযায়ী শুল্কমূল্যের ১৫ শতাংশ হারে মূসক আসে প্রায় এক কোটি ৪২ লাখ টাকা। অথচ কোনো টাকা পরিশোধ ছাড়াই এই ড্রেজারটি নিবন্ধন দেন শাহাদাত হোসেন। একইভাবে ক্রেনবোট তুরাগ-১-এর মূসক আসে সাড়ে ১৩ লাখ টাকা। অথচ ওই কর্মকর্তা মাত্র সাড়ে সাত হাজার টাকা মূসক আদায় করে নৌযানটি নিবন্ধন দেন।একইভাবে একই ঋণপত্রের বিপরীতে ড্রেজার মাসকারাত-১ ও ক্রেনবোট রাফাত-১-এর কাস্টমস ডিউটিসহ আমদানিমূল্য দাঁড়ায় প্রায় ২০ কোটি ৯০ লাখ টাকা। এই দুটি নৌযানের মূসক আসে ৯৪ লাখ টাকা। কিন্তু মূসক পরিশোধ না করার পরও দুটি নৌযান নিবন্ধন দেন ফখরুল ইসলাম। একইভাবে ডাম্ব বার্জ মারকাব-১, এমবি বঙ্গস্বপ্ন এবং এমবি বঙ্গ প্রগতি জাহাজে মূসক আসে প্রায় সাড়ে ২৭ লাখ টাকা। অথচ ওই কর্মকর্তা সাড়ে ৭৯ হাজার টাকা মূসক আদায় করে নিবন্ধন দেন।