ড্রেজার দিয়ে পাথর তোলা বন্ধের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধের দাবিতে আজ সোমবার দুপুর থেকে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রেখেছে পাথরশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যান আটকা পড়েছে। বন্ধ হয়ে গেছে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম। বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।ড্রেজার মেশিন-বিরোধী পাথরশ্রমিকদের নেতা ও তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মো. মুক্তারুল হক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারদলীয় নেতা ও প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় কিছু অসাধু ব্যবসায়ী পাথর উত্তোলনে শতাধিক অবৈধ ড্রিল ড্রেজার মেশিন ব্যবহার করছে। অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় দিন দিন আবাদি জমি কমে যাচ্ছে। ভূগর্ভে বিশাল শূন্যতার সৃষ্টি হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে। এ ছাড়া তেঁতুলিয়া উপজেলার প্রায় ৪০ হাজার শ্রমিক মাটি খুঁড়ে এ পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন। মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধের দাবিতে দীর্ঘদিন থেকে তাঁরা আন্দোলন-সংগ্রাম করে আসছেন। কিন্তু তাঁদের এ দাবি না মানায় শ্রমিকেরা আজ দুপুর ১২টায় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার সড়কজুড়ে ১০টিরও বেশি পয়েন্টে রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের বিভিন্ন স্থানে কয়েক শ যানবাহনের সহস্রাধিক যাত্রী দুর্ভোগে পড়ে।গত ৩০ জুন জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যান্ত্রিকভাবে পাথর উত্তোলন না করার পরামর্শ দেন। এর পরও মেশিন দিয়ে পাথর উত্তোলন বন্ধ হয়নি বলে শ্রমিকেরা অভিযোগ করেন।