ড্রেনের পানিতে রাস্তা সয়লাব
‘আজ ২০ দিন ধরে ডেরেনের পানি উঠে রাস্তা নষ্ট হয়ে গেছে। গন্দে এলাকা দিয়ে চলাচল করা যাচ্ছে না, আমরা অতিষ্ঠ হয়ে গেছি।’ কথাগুলো বলেন পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাজিতপুর এলাকার মো. আনোয়ার হোসেন। ওই এলাকার এক ব্যক্তি পৌরসভার ড্রেনের ওপর বাড়ির সিমানা দেয়াল তৈরি করায় ড্রেনের মুখ বন্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসী দাবি করেছেন।এলাকাবাসী জানান, গত মাসের মাঝামাঝি সময়ে ওই এলাকার মো. ছাত্তার মণ্ডল পৌরসভার ড্রেনের মুখ বন্ধ করে বাড়ির সিমানা দেয়াল তৈরির কাজ শুরু করেন। এ সময় এলাকাবাসী তাঁকে এ কাজ করতে নিষেধ করলেও তিনি কর্ণপাত করেননি। এতে ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় মলমূত্রসহ নোংরা পানি রাস্তার ওপর উঠে আসে। এতে প্রায় ১৫০ মিটার এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। ওই রাস্তা দিয়ে চলাচল করলেই শরীরে নোংরা পানি লেগে যাচ্ছে।সরেজমিনে দেখা যায়, ড্রেনের ময়লা পানিতে পুরো রাস্তা ডুবে আছে। দেখে মনে হচ্ছে, বর্ষার পানিতে রাস্তার এ অবস্থা। এলাকাবাসী খুব কষ্ট করে চলাচল করছে। বেশি সমস্যায় পড়েছে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা।এলাকার মো. জিয়াউর রহমান জানান, রাস্তাটি নষ্ট হওয়ার পরেই তিনি বিষয়টি স্থানীয় পৌর কমিশনারের মাধ্যমে পৌরসভাকে জানিয়েছেন। কিন্তু অবস্থার প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।এ বিষয়ে পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কমিশনার মো. মোজাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। তবে মো. ছাত্তার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।