ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হয় পৌরবাসীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায় ড্রেন থাকলেও তা পরিষ্কার করার জন্য সুইপার নেই। ফলে এসব ড্রেনের ময়লা-আবর্জনার দুর্গন্ধের হাত থেকে বাঁচতে পৌরবাসীকে বাধ্য হয়ে নিজেদেরই পরিষ্কার করতে হয়। জানা যায়, ২০০৫ সালে উপজেলার ধানগড়া ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে রায়গঞ্জ পৌরসভা যাত্রা শুরু করে। এরই মধ্যে পৌর করও আদায় শুরু হয়েছে। কিন্তু নাগরিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে। পৌরসভার কয়েকটি এলাকায় ড্রেন স্থাপন করা হলেও সেগুলো পরিষ্কার করার জন্য সুইপার না থাকায় এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন পৌরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরসভা সূত্রে জানা যায়, এ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ৮৭৭ মিটার ড্রেন নির্মাণ হয়েছে। কিন্তু এগুলো পৌরবাসীর কোনো কাজেই আসছে না। জানা যায়, অধিকাংশ ড্রেনই এখন মাটি দিয়ে ভর্তি হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে এলাকাগুলোয় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তা ছাড়া নিয়মিত পরিষ্কারের জন্য সুইপার না থাকায় ড্রেনের ময়লা পানিতে এলাকার রাস্তাঘাট প্রায়ই সয়লাব থাকে। এ জন্য কিছু এলাকায় পৌরবাসী নিজেরাই উদ্যোগ নিয়ে ড্রেনগুলো পরিষ্কার করে। রনতিথা তালতলা মসজিদ থেকে শহিদুল ইসলামের দোকানঘর পর্যন্ত ড্রেন ময়লা ও আবর্জনায় ভরে যাওয়ায় এলাকাবাসী নিজেদের পয়সা খরচ করে ড্রেন পরিষ্কার করছে। এ ব্যাপারে ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, পৌরসভা সৃষ্টি করা হয়েছিল মানুষের সুবিধা বাড়াতে। কিন্তু উল্টো পৌরসভা আমাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌরবাসী আবদুল লতিফ সরকার বলেন, বাড়ির সামনের এই ড্রেন পৌরসভা পরিষ্কার না করায় দুর্গন্ধে টেকা দায়। তাই বাধ্য হয়ে নিজের টাকা খরচ করে ড্রেন পরিষ্কার করাচ্ছি। উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের ছাত্রী মাহমুদা খাতুন বলেন, প্রতিদিন ড্রেনের পাশ দিয়ে কলেজে আসা-যাওয়া করতে হয়। দুর্গন্ধে নাকে রুমাল চেপে থাকতে হয়। পৌরবাসী আবদুল মান্নান সরকার বলেন, আমার বাড়ির সামনে যে ড্রেন আছে, পৌরসভা থেকে কোনোদিন তা পরিষ্কার করা হয়নি। মাঝেমধ্যে আমরাই পরিষ্কার করি। জানি না, এ ভোগান্তি থেকে কবে মুক্তি পাব। এ ব্যাপারে রায়গঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আক্তারুল আলম বলেন, পৌরসভার নিজস্ব সুইপার না থাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয় না। সুইপার নিয়োগ হলে এ ভোগান্তি দূর হবে।