ড্রোন আটকের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের
ইরানের আকাশসীমায় একটি মার্কিন মানববিহীন বিমান (ড্রোন) আটক হওয়ার দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার ইরান দাবি করে, তার সেনাবাহিনী তাদের আকাশসীমার ভেতর একটি মার্কিন ড্রোন আটক করেছে।প্রেসিডেন্ট বারাক ওবামার একজন মুখপাত্র বলেন, মার্কিন ড্রোন আটকের ব্যাপারে ইরানের দাবির কোনো সত্যতা নেই।উপসাগরীয় অঞ্চলে মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার জেসন স্যালাটা বলেন, তাঁদের কোনো ড্রোন নিখোঁজ (হয়নি) বা খোয়া যায়নি।ইরানের অভিজাত বাহিনী বলে পরিচিত রেভল্যুশনারি গার্ডের নৌ শাখার এক বিবৃতিতে বলা হয়, বেশ কয়েক দিন ধরে ড্রোনটি পারস্য উপসাগর এলাকায় ইরান সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করছিল। ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর ড্রোনটিকে আটক করা হয়। আটককৃত স্ক্যানইগল নামের ওই মার্কিন ড্রোনটি তুলনামূলকভাবে ছোট ও কম উন্নত। এ ধরনের ড্রোন সাধারণত বড় ধরনের যুদ্ধজাহাজ থেকে পাঠানো হয়। আটক হওয়া ওই ড্রোনের ছবি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর আরেকটি মার্কিন ড্রোন আটক করে ইরান।