ড্রোন ফেরত পেতে ওবামার অনুরোধ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের কবজায় থাকা ড্রোন বিমানটি ফেরত পেতে তেহরানের কাছে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সোমবার হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ড্রোন হারানোর কথা স্বীকার করে সংবাদ সম্মেলনে ওবামা বলেছেন, ‘আমরা এটা ফেরত দেওয়ার জন্য বলেছি। আমরা দেখব, ইরান এ ব্যাপারে কী সাড়া দেয়।’তবে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের উপপ্রধান জেনারেল হোসেন সালামি গত রোববারই জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলেও এই ড্রোন ফেরত দেওয়া হবে না। কারণ, এটি যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। জেনারেল হোসেন সালামি বলেছেন, ‘একটি দেশের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য অনুসন্ধানকারী আগ্রাসনের প্রতীক কেউ ফেরত দেয় না।’এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানিয়েছেন, ড্রোনটি ফেরত পাবেন বলে তিনি মনে করছেন না।ইরান চলতি সপ্তাহের শুরুর দিকে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছে। এ ঘটনায় নিন্দা জানানোর জন্যও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের সেনাবাহিনী চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আর কিউ-১৭০ ড্রোনটিকে আটক করে। গত সপ্তাহে ইরানের টেলিভিশনে আটককৃত এ ড্রোনটির ছবিও দেখানো হয়।তেহরান দাবি করেছে, আফগান সীমান্তবর্তী এলাকা দিয়ে ড্রোনটি ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে ইলেকট্রনিক কৌশল ব্যবহার করে তারা সেটিকে আটক করে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ড্রোনটি ইরানের কবজায় চলে গেছে।