ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েল
ইসরায়েলের সেনাবাহিনী আজ শনিবার দেশের দক্ষিণাঞ্চলে একটি ছোট আকারের মানববিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে। সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, নেগেভ মরুভূমির উত্তরাঞ্চলে ড্রোনটির অবশেষ খুঁজে দেখা হচ্ছে। তবে বিমানটি কোথা থেকে এসেছে, তা এখনো জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, বিমানটি পশ্চিম দিক থেকে উড়ে এসেছে; গাজা উপত্যকা থেকে নয়। স্থানীয় সময় সকাল ১০টায় বিমানটি ভূপাতিত করা হয় বলে জানানো হয়েছে।ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমানটি কোন পথে ইসরায়েলে ঢুকেছে এবং কোনো সন্ত্রাসী কাজে এটি ব্যবহার করা হয়েছিল কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে ইসরায়েলের রেডিওতে বলা হয়েছে, বিমানটি কোনো বিস্ফোরক বহন করছিল না।ইসরায়েল দাবি করেছে, এর আগেও বেশ কিছু ড্রোন ওই দেশে প্রবেশ করেছে, তবে সেগুলো এসেছিল উত্তর দিক থেকে। কর্তৃপক্ষের দাবি, তারা এখন পর্যন্ত লেবাননের শিয়া হিজবুল্লাহদের তিনটি ড্রোন শনাক্ত করেছে। এমন একটি ড্রোনের হামলায় ২০০৬ সালে ইসরায়েলের নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। ২০০৪ ও ২০০৫ সালেও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব ড্রোনের আনাগোনা দেখা গেছে।