ড্রোন হামলা নিয়ে জবাবদিহিতা চান মার্কিন কংগ্রেসম্যান
পাকিস্তানসহ অন্যান্য দেশে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলার জবাবদিহিতা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একজন আইনপ্রণেতা। একই সঙ্গে এই হামলার স্বচ্ছতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। পিটিআইয়ের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসম্যান ডেনিস কুচিনিক এসব ড্রোন হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেন, এসব হামলা যুক্তরাষ্ট্রের নৈতিকতা, মূল্যবোধ ও কৌশলগত লক্ষ্যে বিরূপ প্রভাব ফেলছে। আল-কায়েদা ও তালেবান জঙ্গিদের নির্মূলে সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। দূরনিয়ন্ত্রিত এই বিমান হামলায় সব সময় সঠিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না বিমানগুলো। এতে প্রায়ই অনেক বেসামরিক লোক মারা যায়। এতে এই হামলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। গত বছর মার্কিন ড্রোন হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর তো দুই দেশের সম্পর্কে সৃষ্ট টানাপোড়েন এখনো চলছে। মানবাধিকার সংগঠনগুলো, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি ড্রোন হামলায় বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।ডেনিস কুচিনিক বলেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের কথা বলে এই ড্রোন হামলা চালানো হচ্ছে। কিন্তু কংগ্রেস ও মার্কিন জনগণ এই হামলার ব্যাপারে আইনগত যৌক্তিকতা দেখাতে পারেনি।’ এক বিবৃতিতে তিনি বলেন, ২০০১ সালে কংগ্রেসে সামরিক বাহিনীর ব্যবহার নিয়ে আইন অনুমোদিত হয়। এতে স্পষ্টভাবে বলা আছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ নেই, এসব দেশে অবিরাম এই হামলা চালানোর অনুমতি কংগ্রেস দেয়নি। কুচিনিক বলেন, অন্যান্য অস্ত্রশস্ত্র ব্যবহারের মতো ড্রোন হামলার বিষয়টিও আইনের আওতায় নিয়ে আসতে হবে।বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন হওয়া আইন-বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে অ্যামনেস্টির চিঠির সমর্থন করে এর মধ্যে নয়জন কংগ্রেস সদস্য স্বাক্ষর করেছেন। কুচিনিকের ভাষ্য, ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের হিসাব অনুযায়ী ড্রোন হামলায় কেবল পাকিস্তানেই ২০০৪ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে দুই হাজার ২৯২ জন নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক লোক সাড়ে তিন শর বেশি। ব্রুকিংস ইনস্টিটিউশনের ২০০৯ সালের জুলাইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, একজন সন্দেহভাজন জঙ্গিকে হত্যার লক্ষ্যে ড্রোন হামলা চালালে প্রায় ১০ জন বেসামরিক লোক নিহত হয়। নিউ আমেরিকান ফাউন্ডেশনের আরেকটি জরিপে দেখা গেছে, এখন পর্যন্ত পাকিস্তানে ১১৪টি ড্রোন হামলায় নিহতদের ৩২ শতাংশই বেসামরিক লোক।