ড্রোন হামলা: পাকিস্তানের কাছে ক্ষমা চাইল যুক্তরাষ্ট্র
গত বছরের ২৬ নভেম্বর ন্যাটোর চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় ২৪ পাকিস্তানি সেনার সৈনিক নিহতের ঘটনায় পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তানের ভেতর দিয়ে ন্যাটোর সরবরাহ লাইন ফের খুলছে। এনডিটিভির খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের কাছে টেলিফোনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘ক্ষমা’ চেয়েছেন। হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষতির বিষয়টি স্বীকার করে হিলারি বলেন, দুই পক্ষই বুঝতে পেরেছে একটা ভুল হয়েছে। আর এ ভুলের কারণেই প্রাণহানি হয়েছে। তিনি বলেন, হিনা রাব্বানি পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে সরবরাহ লাইন খোলা হবে বলে জানিয়েছেন। একইসঙ্গে সরবরাহ কাজে ব্যবহূত পরিবহনগুলোর ভাড়াও পূর্ব নির্ধারিত অর্থেই বহাল থাকবে জানান। জানা গেছে, ন্যাটো হামলায় পাকিস্তানের সৈন্য নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। এ ঘটনার পর পাকিস্তান ন্যাটোর সরবরাহ লাইন বন্ধ করে দেয়। ফলে যুক্তরাষ্ট্রকে বাধ্য হয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় রুটগুলো দিয়ে ন্যাটোর সরবরাহ যানবাহনগুলো নিতে হয়েছে।