ড্রোন হামলার কথা স্বীকার করলেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রথম প্রকাশ্যে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় নিয়মিত ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার গুগল প্লাসে এক ঘণ্টাব্যাপী সরাসরি ভিডিও আলাপে ওবামা এ বিষয়টি স্বীকার করেন। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।ওবামার এই ভিডিও আলাপটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। এ অনুষ্ঠানে এক লাখ ৩০ হাজারেরও বেশি প্রশ্ন জমা পড়ে। তবে সেখান থেকে মাত্র ছয়জনকে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিত ব্যক্তিরা অনলাইনে ওবামার কাছে তাঁদের প্রশ্নের সম্পূরক উত্তর জানতে সক্ষম হন।এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, পাকিস্তানের কেন্দ্রশাসিত উপজাতি এলাকায় সন্দেহভাজন আল-কায়েদা ও তালেবানদের লক্ষ্য করে নিয়মিতভাবে অসংখ্য ড্রোন হামলা চালানো হয়।এ প্রসঙ্গে ওবামা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের তালিকায় যাদের নাম আছে, তাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়।এর আগে কখনোই পাকিস্তানে নিয়মিত ড্রোন হামলার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি ওবামা।