ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ১৬
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে উপজাতি-অধ্যুষিত এলাকায় চালকবিহীন মার্কিন বিমান (ড্রোন) হামলায় কমপক্ষে ১৬ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে।পাকিস্তান-আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে জঙ্গিদের গোপন তিনটি আস্তানা ছিল—এ ধারণা থেকে ওই আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।পাকিস্তানে নিযুক্ত একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাকে তলব করে এ ধরনের হামলা বন্ধের কথা বলার এক দিন পরই হামলাটি চালানো হলো। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়, ড্রোন হামলা বেআইনি। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।এপির বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গতকাল তিনটি জঙ্গি আস্তানায় চালকবিহীন মার্কিন বিমান থেকে দুটি মিসাইল ছুড়ে হামলা চালানো হয়।