ড্রোন হামলায় বাড়ছে মানসিক চাপ ও ক্ষোভ
পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় একের পর এক মার্কিন ড্রোন (মানববিহীন বিমান) হামলার ফলে সেখানকার বেসামরিক নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়। ইসলামাবাদের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি এলাকায় যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলার পর হতাহত ব্যক্তিদের জঙ্গি হিসেবে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র।পেন্টাগন বলছে, দেশের নিরাপত্তার জন্য তারা এ ধরনের হামলা অব্যাহত রাখবে। তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর প্রতিবেদন দেখা গেছে, এসব হামলায় অনেক বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, সেখানকার সাধারণ মানুষ সারাক্ষণ ভীতির মধ্যে থাকে। তারা কোথাও জড়ো হতেও ভয় পায়। যেসব বেসামরিক মানুষ ড্রোন হামলায় হতাহত হচ্ছে, তাদের পরিবার আর্থিক ও মানসিকভাবে দীর্ঘমেয়াদি দুর্ভোগের শিকার হচ্ছে। হামলায় সম্পদ নষ্ট হচ্ছে। সব মিলিয়ে মার্কিন ড্রোন হামলা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করেছে মানসিক চাপ।