ড্রোন হামলায় সাত বছরে ১৬৮ শিশু নিহত
পাকিস্তানে গত সাত বছরে আল কায়দা ও তালেবানদের বিরুদ্ধে মার্কিন চালকবিহীন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার লন্ডনভিত্তিক একটি নিরপেক্ষ গবেষণা সংস্থার প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে দ্য ডন পত্রিকার অনলাইনে এ কথা বলা হয়েছে। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম নামের ওই সংস্থার গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ কথিত জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তানে অসংখ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আগে যা ধারণা করা হচ্ছিল, তার চেয়েও অনেক বেশি মানুষ নিহত হয়েছে। ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম জানিয়েছে, সিআইএ ২০০৪ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানে ২৯১টি চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সংখ্যা আগে যা বলা হয়েছিল, তার চেয়ে আট শতাংশ বেশি। আর এর মধ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ই কেবল ২৩৬টি হামলা চালানো হয়েছে। সংস্থাটি বলছে, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে দুই হাজার ২৯২ থেকে দুই হাজার ৮৬৩ ব্যক্তি নিহত হয়েছে। আর নিহত মানুষের মধ্যে ১৬৪ থেকে সর্বোচ্চ ১৬৮ জন ছিল শিশু।