ড্রয়িংরুমেও শেষের বাঁশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বাদ দিলে ইউরোপীয় ফুটবলের রোমাঞ্চ শেষ। যাঁরা রাত জেগে খেলা দেখেছেন, আগামী দুটো মাস তাঁদের একটু খালি খালিই লাগবে। লিখেছেন পবিত্র কুন্ডুহাতে রইল শুধু ২৮ মের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড ধ্রুপদি দ্বৈরথ। আর এই লেখা যেদিন পড়ছেন, সেদিনই শেষ হয়ে যাবে ইউরোপীয় ফুটবল লিগ। আমাদের প্রাত্যহিক রুটিনে রাত জাগা থাকবে না। অভ্যেসটা তবু হয়তো থেকে যাবে আরও কিছুদিন। গভীর রাতেও চোখজোড়া বিশ্রাম নিতে অবাধ্য থাকবে। তবে আলাদা করে রাত জাগার প্রস্তুতি আর নিতে হবে না। রাতে ওভার টাইম খাটার হাত থেকে চায়ের ফ্লাস্কটারও মিলবে ছুটি। আগস্টে আবার যখন মাঠে নামবে ইউরোপীয় লিগ, শুরু হবে নতুন করে রাত জাগার প্রস্তুতি। শেষ হয়ে গেছে স্প্যানিশ লিগের সব রোমাঞ্চ। ইংলিশ লিগের নাটক সমাপ্ত। ইতালিয়ান সিরি ‘আ’তে কী হয়, কী হয় উত্তেজনার ছিটেফোঁটাও আর নেই। বুন্দেস লিগার অঘটন-ঘটন সম্ভাবনার সামনে যতি পড়ে গেছে। স্প্যানিশ লিগে মেসি না রোনালদো পিচিচি ট্রফিটা হাতে তুলেছেন, জানা হয়ে গেছে। ইংলিশ লিগে রুনি-হার্নান্দেজ-বারবেতভ-গিগস, দ্রগবা-তোরেস-আনেলকা, ফ্যাব্রিগাস-নাসরি, তেভেজ-বালোতেল্লি, বেল-ক্রাউচদের মাঠকাঁপানো পারফরম্যান্স আমাদের মনের মধ্যে আল্পনা এঁকেছে। সিরি ‘আ’তে স্নাইডার, পাতো না রবিনহো কে বেশি আলো ছড়িয়েছেন জানা হয়ে গেছে। বুন্দেস লিগাতে এসেও ‘রাউল মাদ্রিদ’ যে স্প্যানিশ ম্যাটাডোরের মতো ভয়ংকর হতে পারেন, সেই পরিচয় আমরা পেয়েছি। সন্ধ্যা নামতেই ইংলিশ প্রিমিয়ার লিগ, রাত গাঢ় হতেই স্প্যানিশ লিগ কিংবা সিরি ‘আ’র ফুটবল-পসরা। মাঠের সবুজ আয়তক্ষেত্রে যদি মেসি-রোনালদো-রুনি-রবিনহো-পাতো-হার্নান্দেজ-দ্রগবারা আনন্দের উৎসভূমি রচনা করেন, তাহলে ডাগআউটেও আকর্ষণের উপকরণ কম ছিল না। গুরু হোসে মরিনহো, পেপ গার্দিওলা, অ্যালেক্স ফার্গুসন, আর্সেন ওয়েঙ্গার, কার্লো আনচেলত্তি, রবার্তো মানচিনি, লিওনার্দো, মাসিমিলিয়ানো অ্যালেগ্রিরা শিষ্যদের চেয়েও কখনো কখনো বেশি আলোচনার খোরাক জুগিয়েছেন। প্রগলভ মরিনহো বদলাননি। রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেও সংবাদমাধ্যমের আলোটা তিনি টেনে নিয়েছেন নিজের দিকে। রেফারিদের সমালোচনা করেছেন। বহিষ্কৃত হয়ে বসেছেন গ্যালারিতে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে বার্সেলোনা-রিয়াল লড়াইয়ের চেয়েও রেফারিদের সঙ্গে তাঁর অঘোষিত যুদ্ধটা কম উত্তপ্ত ছিল না। তবে শেষ পর্যন্ত ফেঁসে গেছেন উয়েফার পাশাপাশি ইউনিসেফকেও আক্রমণ করে। স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। শান্ত গার্দিওলাকে পর্যন্ত চটিয়ে দিয়েছেন পর্তুগিজ কোচ। যিনি কথার লড়াই দিয়ে মনস্তাত্ত্বিকভাবে দলকে এগিয়ে দেওয়ার কৌশল খোঁজেন, তাঁকেই সইতে হয়েছে মানসিক আঘাত। তাঁর হাত ধরেই দুই বছর পর কিংস কাপ দিয়ে শিরোপা-খরা ঘুচেছে রিয়ালের। কিন্তু শিরোপা জেতানোর যে ‘ধন্বন্তরি ক্ষমতা’ ছিল তাঁর, সেটি প্রশ্নবিদ্ধ হয়েছে। দুর্দান্ত দল নিয়েও লিগ জিততে পারেননি। বার্সেলোনায় সহকারী কোচ থাকার সময় যে গার্দিওলার ওপরও যৎকিঞ্চিৎ ‘গুরুগিরি’ করেছেন, সেই গার্দিওলার বার্সেলোনার কাছেই লিগ জয়ের আশার মৃত্যু দেখেছেন, শেষ হয়ে গেছে ৯ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বপ্নও। সবচেয়ে বড় কথা, রিয়াল শিবির থেকেই সমালোচিত হয়েছেন সুন্দর ফুটবলের ‘ঘাতক’ হিসেবে। তবে সমাপ্তিবিন্দুতে পৌঁছে যাওয়া ইউরোপীয় লিগ যদি এক মরিনহোর ‘পতন’ দেখে, তাহলে নতুন এক ‘মরিনহো’রও দেখেছে আবির্ভাব। তিনি পোর্তোকে পর্তুগিজ লিগ ও ইউরোপা লিগ জেতানো ৩৩ বছর বয়সী কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস। মরিনহো তাও পেশাদার লিগ খেলেছেন, বোয়াস তাও নয়। পোর্তোয় একসময় এই মরিনহোরই সহকারী ছিলেন। কিন্তু সেই বোয়াসই মরিনহোর চেয়েও কম বয়সে অর্জনের আলোয় হলেন উজ্জ্বল। কোচদের শুধু নেপথ্যে থেকে আলোর যাত্রী হতে হবে ধীর পায়ে, এমন কোনো কথা নেই। তাঁদেরও অভিষেক হতে পারে ডঙ্কা বাজিয়ে, বোয়াস তো সেটিই দেখালেন। তবে ইউরোপীয় ফুটবল নতুন নায়কও দেখেছে। পোর্তোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও তেমনই একজন, উঠে এসেছেন ওই বোয়াসের হাত ধরেই।হ্যাটট্রিক করে ২১ বারের মতো লা লিগা জিতেছে বার্সেলোনা। ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ লিগের ১৯তম শিরোপা জিতে ভেঙেছে লিভারপুলের রেকর্ড। এসি মিলান সাত বছর পর ফিরে পেয়েছে স্কুডেট্টো। নয় বছর পর বুন্দেস লিগা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। ফুটবলানন্দ পান করেছি আকণ্ঠ। গত বিশ্বকাপ শেষে মনের মধ্যে বাসা বাঁধা শূন্যতার অনুভূতি ঢেকে দিয়েছিল গত বছর আগস্টে শুরু ইউরোপীয় লিগগুলো। সেখানে শেষের সানাই বেজে ওঠা মানে আবার একটা মন কেমন করা অনুভূতি।বাঙালি জীবনে এর আগে বিদেশি ক্লাব ফুটবল নামের যে বিনোদন ছিল, অভিজাত আড্ডার টেবিলটাকেই তা ঘিরে রাখত। রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, এসি মিলান—এই নামগুলো সাধারণ ফুটবল-পিয়াসী মানুষের মানস ততটা অধিকার করেনি। ফুটবল ‘আওয়াম’ ব্রাজিল, ইতালি, উরুগুয়ে, জার্মানি, হাঙ্গেরি, নেদারল্যান্ড এবং পরে আর্জেন্টিনার ফুটবল থেকেই নিত ফুটবল-সুধা। তা মূলত জাতীয় দলভিত্তিক। নির্দিষ্ট করে বললে বিশ্বকাপ ফুটবল। কখনো কখনো অলিম্পিক বা এশিয়ান গেমস। ক্লাব ফুটবলের আলোটা আমাদের চৌহদ্দিতে এসে তো পড়ল মাত্র সেদিন। সত্যি করে বললে গত নব্বইয়ের দশকের গোড়ায়। যেদিন স্যাটেলাইট টেলিভিশনে এসে গেল ইউরোপীয় ফুটবলের সরাসরি সম্প্রচার। আজ এটি আমাদের ড্রয়িংরুমে। মেসি-রোনালদো-রুনিরাও তাই আমাদের সঙ্গে প্রেম-অপ্রেম, আনন্দ-আগ্রহে একাকার হয়ে যান।আমরা জানতাম, আমাদের ফুটবল-প্রবাহ হারিয়ে পদ্মা-মেঘনার চর জাগিয়ে তুলছে। কিন্তু রক্তপ্রবাহসঞ্চারী ক্লাব ফুটবলকে বাঁচাতে দূরদর্শী পরিকল্পনা আমরা নিতে পারিনি। দেশের ফুটবল প্রাণহীন। আবাহনী-মোহামেডান নামের ‘মাদক’ও তাই দর্শক টানতে পারে না স্টেডিয়ামে। আমরা কেবল হাহাকার করি, কোথায় গেল বাংলাদেশের সেই ফুটবল-দিন! হাহাকার করি আর টিভি পর্দায় রিয়াল-বার্সা, ম্যানইউ-চেলসি, মিলান-ইন্টারের খেলা দেখে পুলকিত হই। মেসি না রোনালদো, রুনি না দ্রগবা, মরিনহো না গার্দিওলা, ফার্গুসন না আনচেলত্তি—এই নিয়ে চায়ের কাপে ঝড় তুলি। এভাবেই চলবে। ‘বোকা বাক্স’টা ফুটবলের পৃথিবীকে এনে দিয়েছে আমাদের ড্রয়িংরুমে!