ডয়েসকেটের বীরত্বের পরও ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল্যান্ড: ৫০ ওভারে ২৯২/৬ইংল্যান্ড: ৪৮.৪ ওভারে ২৯৬/৪ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী১৫ বছর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল হল্যান্ড। ১৯৯৬ সালের ২২ ফেব্রুয়ারি। কাকতালীয় বলতে পারেন, সেই দুটো দল যখন আবার মুখোমুখি এই বিশ্বকাপে, ক্যালেন্ডারের পাতায় সেই ২২ ফেব্রুয়ারিই!সেবার হল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছিল ইংল্যান্ড। জমে ওঠা ম্যাচে এবার ৮ বল হাতে রেখে ইংল্যান্ড জিতল ৬ উইকেটে।ইংল্যান্ডের বুকে কাল কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ডাচরা। অন্তত প্রথম ৫০ ওভারে জয়ী তো তারাই। চাপে রেখে, ভীষণ হতাশায় ডুবিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে তুলল ২৯২ রান। ওয়ানডেতে যেটি টেস্ট দলের বিপক্ষে কোনো সহযোগী দেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে নিজের ব্যাটিং গড়টা সত্তরের ঘরে নিয়ে গেলেন রায়ান টেন ডয়েসকেট। করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।‘বিশ্বকাপ জিততে আসা’ ইংল্যান্ড প্রথম ম্যাচেই পুঁচকে হল্যান্ডের কাছে হেরে বসে কি না, মাঝ বিরতিতে জমে উঠল সেই আলোচনা। প্রস্তুতি ম্যাচে কানাডার কাছে ইংল্যান্ডের ঘাম ছোটানো জয়ের কথাও মনে করিয়ে দিলেন কেউ কেউ। সবচেয়ে বেশি আলোচনা হলো ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে হল্যান্ডের কাছে ইংল্যান্ডের পরাজয় নিয়েই।তেমন আরেক ‘ডাচ-রূপকথা’ কিংবা ‘ইংলিশ লজ্জা’র জন্ম এবার যে দিতে চায় না ইংল্যান্ড, সেটি প্রথম ওভারেই বুঝিয়ে দিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। মুদাসসর বুখারির করা ওই ওভারে মারলেন তিনটি চার। ওপেনিংয়ে কেভিন পিটারসেনের সঙ্গে তাঁর ১০৫ রানের জুটি স্বস্তির সুবাতাস ছড়িয়ে দিল মিডল অর্ডারে। স্ট্রাউসের ৮৮, ট্রটের ৬২, কলিংউডের ৩০*, বোপারার ৩০* ইংল্যান্ডকে জেতাল ৮ বল বাকি থাকতে।হল্যান্ড হেরেছে। কিন্তু এই পরাজয় মাথা হেঁট করে মাঠ থেকে বেরিয়ে আসার পরাজয় নয়। এমনিতেই বিশ্বকাপ থেকে ‘অনাহূত’দের ঝেঁটিয়ে বিদায় করে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে রেখেছে আইসিসি। এ নিয়ে একটা আলোচনা চলছে চারদিকে। আগামী বিশ্বকাপ হবে ‘কুলীন’ ১০ দলের। সহযোগী দেশগুলোর আমন্ত্রণ সেখানে নেই। হাভাতের কান্নাই কাঁদছে আয়ারল্যান্ড-হল্যান্ড-কেনিয়া-কানাডা। অরণ্যে রোদন। বিশেষ করে, কানাডা-কেনিয়া যেভাবে প্রথম দুই ম্যাচে হারল; ‘দশ’ দেশকেই ‘বিশ্ব’ বানিয়ে সেটার কাপ আয়োজনের যৌক্তিকতাও ওজন পেল।কাল হল্যান্ড যেন শুরু থেকে সহযোগী দেশগুলোর মান বাঁচানোর ভূমিকায়। ছয় ওভারে ৩৪ রানের শুভসূচনা এনে দিলেন দুই ওপেনার। কিন্তু টিম ব্রেসনান আর গ্রায়েম সোয়ান দুই ওপেনারকে ফিরিয়ে স্বস্তি এনে দেন স্ট্রাউসকে। ইংলিশ অধিনায়ক কি জানতেন, সেটি আসলে তাঁর অস্বস্তির শুরু!দ্বাদশ ওভারে নামা ডয়েসকেট ১২ বল নিয়েছেন রানের খাতা খুলতে। কিন্তু একবার যখন খুললেন, তাঁকে আর ৪৯তম ওভারের আগে থামানোই গেল না। এর মধ্যে চারজনের সঙ্গে জুটি গড়েছেন। তৃতীয় উইকেটে কুপারের সঙ্গে ৭৮ রানের জুটিটা আসলে ভিত্তি। পঞ্চম উইকেটে টম ডি গ্রুথের সঙ্গে ৬৪ রানের জুটিটা ইনিংসের ভবন। ষষ্ঠ উইকেটে পিটার বরেনের সঙ্গে ৬১ রানের জুটিটা সেই ভবনের বাহারি নকশা।তিন শর কাছাকাছি পৌঁছে গেল হল্যান্ড। নিজের শেষ ২৬ বলে ৫২ রান তুলে এখানেও বড় ভূমিকা রাখলেন ডয়েসকেটই।বোলারদের ব্যর্থতা কিংবা ইংল্যান্ড ঠান্ডা মাথায় রান তাড়া করায় এসবই শেষ পর্যন্ত বৃথা গেল। আসলেই কি? দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ৩০ বছর বয়সীর ব্যাটে কি এই বার্তাও গেল না আইসিসির কাছে, সহযোগীরা বিশ্বকাপের সৌন্দর্যও হতে পারে? বার্তা কি গেল না বাংলাদেশের কাছেও: ‘সতর্ক হও, আমরা আসছি!’