ঢাকবাদক সুধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুধীর চক্রবর্তী ঢাক বাজান। তিনি বংশপরম্পরায় ঢাকি। পূজা, বিয়ে, মুসলমানি, শ্রাদ্ধ, যাত্রাপালায় তিনি ঢাক বাজিয়ে থাকেন।সুধীর এখন তিনজনের একদলের সঙ্গে ঢাকায় আছেন। শাঁখারীবাজারের একটি দুর্গাপূজার মণ্ডপে ঢাক বাজাচ্ছেন। পাঁচ দিনে তাঁরা পাবেন ১২ হাজার টাকা। থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে পূজা কমিটি। দুর্গাপূজার সময় প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা ঢাক বাজাতে হয়। এর মধ্যে আবার টানা দুই-আড়াই ঘণ্টা বাজনা চলে। সুধীর চক্রবর্তী বলেন, ‘বায়নাদারেরা আমাদের শোষণ করে। তারা ৫০-৬০টা পূজামণ্ডপে বাজনা বাজানোর দায়িত্ব নেয়। ওরা বাজনাদারদের ৮-১০ হাজার টাকা দেয়। মাঝ থেকে তারা তিন-চার হাজার টাকা লাভ করে।’সুধীর চক্রবর্তীর বাড়ি ঝালকাঠিতে। তাঁর বাবা ১৯৭১ সালে স্বাধীনতাসংগ্রামের সময় কলকাতার রানাঘাটে শরণার্থী ক্যাম্পে ডায়রিয়ায় মারা যান। ওই সময় আবার তাঁর বড় বোনের বিয়ে হয়ে যায় আসাম রেলের একজন ড্রাইভারের সঙ্গে। সুধীর বলেন, ‘স্বাধীনতার পর দেশে ফিরি মাকে নিয়ে। আমার বয়স তখন সাত বছর। আমাদের সঙ্গে তখন একমাত্র কাকা। মুক্তিযুদ্ধের সময় আমাদের বাড়িঘর লুট হয়ে যায়। গাছগুলো পর্যন্ত রাজাকাররা কেটে বিক্রি করে দেয়। আমার লেখাপড়া বেশি হয়নি। মা মারা যান ১৯৮০ সালে। আমার একমাত্র কাকা ইন্ডিয়ান পুলিশের এক আরআইয়ের সঙ্গে জমি বদল করে আমাদের ইন্ডিয়াতে নিয়ে যান। সেখানে গিয়ে আমরা জায়গাজমি কিছুই পাইনি। আমরা পাঁচ-ছয় মাস ইন্ডিয়াতে থাকি। তখন আমাদের না খেয়ে মরণদশা; তাই বাংলাদেশে ফেরত আসি। গ্রামের লোকজনরে বলি, আমরা ইন্ডিয়ায় কোনো জায়গাজমি পাইনি, আরআই আমাদের সঙ্গে প্রতারণা করেছে। এলাকার লোকজন প্রথমে খেপে যায় আমাদের ওপর। বলে, “ভালো অইছে, কী মধু খাইতে গেছিলা ইন্ডিয়া।” তখন একজন দয়া করে তার পুকুরপাড়ে আমাদের থাকতে দেয়। আর তখনি আরআইয়ের বিরুদ্ধে গ্রামের লোক রুখে দাঁড়ায়। কয়েক বছর পর আরআই স্ট্রোক করে মারা যায়। তার ছেলেরা মাঝেমধ্যে গ্রামে আসে। আমি আর সম্পত্তি ফেরত পাইনি।’সুধীরের সংসারে আছেন স্ত্রী আর ছেলেমেয়ে। তাঁর মেয়ে এবার প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের চাকরি পেয়েছেন। ছেলে বিবিএ পড়ছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সুধীর বলেন, ‘ছেলেটা সকাল-বিকাল টিউশনি করে। আমি একটা ছোট্ট মুদি দোকান চালাই। যখন ঢোল-বাদ্য বাজাতে যাই, তখন দোকান চালায় আমার বউ আর মেয়ে।’