ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে হতাহতের ঘটনায় তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ সারা দেশে গতকাল শনিবার এবং আজ রোববার দুই দিন পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিলেও ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে গতকাল কিছু কারখানা চালু ছিল। এর প্রতিবাদে ওইসব স্থানে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। তাঁরা কয়েকটি কারখানায় হামলা ও যানবাহন ভাঙচুর করেন।ঢাকা ও ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঢাকা: প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর এলাকায় গতকাল কয়েকটি পোশাক কারখানা খোলা ছিল। এর প্রতিবাদ জানিয়ে সকাল সাড়ে আটটার দিকে দুই শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন। তাঁরা মিরপুর ১৪ নম্বর থেকে লাঠিসোঁটা নিয়ে ১৩ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ মিছিল চলে। মিছিলে তাঁরা কারখানা খোলা রাখার প্রতিবাদ ও রানা প্লাজার পোশাক কারখানাগুলোর মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে স্লোগান দেন। কিছুক্ষণ পর বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর ১০ নম্বর পানির ট্যাংকির কাছে একটি পোশাক কারখানায় ভাঙচুর করেন। পরে তাঁরা শতাব্দী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করেন। তখন পুলিশ ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত ওই অবস্থা ছিল। ঘটনার সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেড় ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।গাজীপুর: গতকাল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার হানিফ স্পিনিং লিমিটেড ও সফিপুর মালেক স্পিনিং লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানা খোলা ছিল। ওই সব কারখানার ক্ষুব্ধ শ্রমিকেরা সকালে মৌচাক এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। উত্তেজিত শ্রমিকেরা ওইসব কারখানায় হামলা চালান এবং ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সৃষ্টি করেন। পরে কারখানাগুলো ছুটি ঘোষণা করলে তাঁরা শান্ত হন।এ ছাড়া শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় সিআরসি, স্কয়ার মার্কআপ, বিজেবেড লিমিটেড, কেওয়া গ্রামের নিক্কি থাই অ্যালুমিনিয়াম কারখানা, আউটস্পেস পোশাক কারখানা, ডেনিম্যাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ব্যাপক ভাঙচুর চালান। এ সময় হামলাকারীদের লাঠির আঘাত ও ইটপাটকেলে অন্তত ১০-১২ জন লোক আহত হন। তাঁদের হামলার মুখে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, যেসব কারখানা খোলা ছিল, তার বেশির ভাগই স্পিনিং কারখানা। ওই সব কারখানার কর্তৃপক্ষ পুলিশকে জানায়, তারা বিজিএমইএ ও বিকেএমই কোনোটিরই সদস্য নয়। তাই তারা কারখানা খোলা রেখেছিল; তবে শ্রমিকদের উত্তেজনার কারণে পরে কারখানা ছুটি দিতে বাধ্য হয়।চট্টগ্রাম: সকাল সাড়ে নয়টার দিকে পোশাক কারখানার শ্রমিকদের খণ্ড খণ্ড মিছিল নগরের অক্সিজেন, মুরাদপুর ও বায়েজিদ বোস্তামি এলাকায় জড়ো হয়। এ সময় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে আবুল খায়ের গ্রুপের স্টার শিপ কারখানার তিনটি কাভার্ড ভ্যানে উত্তেজিত শ্রমিকেরা আগুন ধরিয়ে দেন। একই এলাকায় কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান তাঁরা। এ সময় পুরো সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া কারখানা খোলা রাখায় গতকাল সকালে আতুরার ডিপো এলাকায় একটি ওয়াশিং কারখানায় তাঁরা হামলা করেন বলে জানা গেছে।অন্যদিকে সকাল পৌনে নয়টার দিকে বিমানবন্দর সড়কের নগরের ইপিজেড মোড়ে চার-পাঁচ শ শ্রমিক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানিয়ে সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।টঙ্গী: ‘বাঁচলে শ্রমিক বাঁচবে দেশ, গড়ে উঠবে সুন্দর দেশ’সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে গতকাল দুপুরে টঙ্গীর বিভিন্ন কারখানার শ্রমিকেরা পাগাড় এলাকায় মানববন্ধন করেন। পাগাড় যুবসংঘ ও হলিক্রস যুবসংঘ আয়োজিত মানববন্ধন থেকে সাভারে ভবনধসের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হয়। শ্রমিকদের সঙ্গে এলাকাবাসীও অংশ নিলে মানববন্ধনটি রাস্তার দুই পাশে আধা কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।