ক্রিকেট-দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন আইসিসি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন হয়েছে ঢাকা শহরে। খেলাও হচ্ছে এখানকার শেরেবাংলা স্টেডিয়ামে। তাই ঢাকায় পা পড়েছে ক্রিকেটপ্রেমী ভিনদেশিদের। শহরটা তাঁদের কাছে কেমন লাগছে? সেই খোঁজ নিয়েছেন আজহার হোসেন।বন্ধু আমার...ফার্মগেট ফুট ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে ব্যস্ত শহরের ছবি তুলছিলেন হল্যান্ডের অ্যালমার। ঘাড় বাঁকিয়ে, ক্যামেরা ঘুরিয়ে নানা আঙ্গিকে ছবি তোলার এক ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে। ঢাকা কেমন লাগছে? এমন প্রশ্নে তাঁর উত্তর বাংলা করলে দাঁড়ায়, ‘ঢাক্কা? ভালো, সুন্দর!’ঢাকায় অ্যালমারের পা পড়েছে ২ ফেব্রুয়ারি। বেশ কয়েক দিন ধরেই ঘোরাঘুরি করছেন। তাই বিশ্বকাপে ঢাকার চেহারা বদলের ব্যাপারটি বেশ খানিকটা আঁচ করতে পারছেন তিনি। তার পরও অল্প দিনে এমন সুন্দর করে শহরটা সেজে ওঠায় প্রশংসা করলেন নগর কর্তৃপক্ষের। অ্যালমারের বন্ধু তাপস রোজারিওর বাড়ি মণিপুরীপাড়ায়। বিশ্বকাপের ছয়টি খেলা হচ্ছে বাংলাদেশে। তাই দেশে আসার লোভ সামলাতে পারেননি তাপস। ডাচ বন্ধু অ্যালমারকে নিয়ে দেশে এসেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের দিন সকালে দুজন মিলে ঘুরেফিরে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। দুপুরে আসেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আর রাতে নাজিমুদ্দিন রোডের একটি রেস্তোরাঁয় পরোটা-কাবাব খেয়ে তবে ফিরেছেন বাসায়। ঢাকার আতিথেয়তায় মুগ্ধ অ্যালমার।রথ দেখা কলা বেচা!এদিকে ব্যবসার কাজে প্রায়ই ঢাকায় আসেন দীপঙ্কর রায়। ভারতের এই নাগরিক ইসলামপুরে কাপড় সরবরাহ করেন। ব্যবসার ফাঁকে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন দেখতে ঢাকায় ছিলেন তিনি। এমন আয়োজনে স্ত্রীকে সঙ্গে আনতে ভোলেননি দীপঙ্কর। বিশ্বকাপ শুরুর আগেই বসন্তের আগমনী দিন আর ভালোবাসা দিবস কাটিয়েছেন ঢাকার পথে। বইমেলায় আনন্দ করেছেন মন খুলে। ভালোবাসা দিবসে স্ত্রীকে নিয়ে রিকশায় ঘুরেছেন পুরান ঢাকায়। দীপঙ্কর জানান, ঢাকা এমনিতে সাদামাটা। কিন্তু এটি উৎসবের নগর। একটা উপলক্ষ পেলে উৎসব আয়োজনে নগরবাসীর কমতি থাকে না। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট জোগাড়ের দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের এক ব্যবসায়ী বন্ধুকে। দায়িত্ব ঠিকই পালন করেছেন বন্ধু। ফলে দেখা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশের বর্ণিল আয়োজনে মুগ্ধ দীপঙ্কর।লাল-সবুজে ভালোবাসারাশিয়ার ইগর পাভলোভ একটি মুঠোফোন কোম্পানিতে কাজ করেন। দুজন সহকর্মীকে সঙ্গে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। গায়ের জার্সিই বলে দেয়, ইগর বাংলাদেশের সমর্থক। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে মাঠের ভেতরে ক্যাপ আর বাঁশি নিয়ে যেতে পারেননি বলে মন খারাপ তাঁর। ইগর বলেন, ‘ইচ্ছা ছিল বাঁশি ফুঁকে মাঠের পরিবেশটাই বদলে দেব। কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না।’ তাঁর সঙ্গী ও সহকর্মী জয়নাল আবেদিন জানালেন, ইগরের জার্সি-প্রীতি দেখার মতো। ঢাকার চার-পাঁচটি শপিং মল ঘুরে সবচেয়ে উজ্জ্বল সবুজ রঙের জার্সিটি তিনি কিনেছেন। সহকর্মীর কথায় সায় দিয়ে ইগর জানান, লাল-সবুজের পতাকা ভালোবাসেন বলেই এমনটি করেছেন।সাইকেলের ডানাবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দেখা হয় কানাডিয়ান দম্পতি কালট্রন আর নাওলির সঙ্গে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় এসে ঠাঁই গেড়েছেন বনশ্রীতে। তাঁদের বহরে আছে দুটি সাইকেল, দুটি ল্যাপটপ, একটি স্লিপিং ব্যাগ আর একটি পানি পরিশোধন করার যন্ত্র। নাওলি জানান, সাইকেলে করে ঢাকার বেশির ভাগ জায়গা তাঁদের ঘোরা শেষ। ভাঁজ করা যায় এমন একজোড়া সাইকেলে করে এই দম্পতি ঘুরে বেড়ান ঢাকার পথে। খেলার চেয়ে ঢাকা শহরটাকে ঘুরে দেখার আগ্রহ বেশি কালট্রনের। তিনি জানান, বিশ্বকাপের আয়োজনে ঢাকা পরিপাটি আর পরিচ্ছন্ন বলে তাঁর পছন্দ হয়েছে। দিনের বেলা খেলা দেখা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তাই বলে দুই চাকায় ঢাকার পথে চলবেন না? সঙ্গে থাকা আইপড নিয়ে বেরিয়ে পড়েন পথে। কিছু দূর এগিয়ে আইপডে চোখ বোলান কালট্রন। আবার পথের ধারে চায়ের দোকান কিংবা ইলেকট্রনিক পণ্যের শো-রুমে ঢুঁ মারেন খেলার স্কোর জানতে।কালট্রন ঢাকার পথেঘাটে ইংরেজিতে পথনির্দেশকের অভাবের কথা জানান। ঢাকায় রংচটা পথনির্দেশকগুলো বেশ বেকায়দায় ফেলে দেয় এই দম্পতিকে। আবার পত্রিকাওয়ালা ছেলে-ছোকরার অত্যাচার সইতে হয়েছে মালিবাগে। ভাষা না বোঝার পরও বাধ্য হয়ে কিনতে হয়েছে বাংলা পত্রিকা। নাওলির নেশা ঢাকার পথেঘাটে থাকা কচি ডাবের পানি খাওয়া। তিনি জানান, কচি ডাব তাঁর ভীষণ পছন্দ।ওঁরা সাতজনবিশ্বকাপের জন্য অনেক পর্যটক এসেছেন দল বেঁধে। সাতজনের এমন একটা দল শেরাটন হোটেলের পাশের ফুটপাত দিয়ে হাঁটছিল। দলের সবাই ইংল্যান্ডের নাগরিক। প্রথমে মুখ খুললেন অ্যারা নামের এক তরুণী। তিনি জানান, ঢাকায় সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মানুষ। মানুষের এত বৈচিত্র্য দেখে মুগ্ধ তিনি। অনেকটা অ্যারার পীড়াপীড়িতে মুখ খুললেন পাশেরজন ক্যাথি। অ্যারা জানান, ক্যাথির ‘বয়ফ্রেন্ড’ অ্যাড্রিয়েন ঢাকায় আসতে পারেননি। পড়াশোনার চাপে থাকতে হয়েছে ইংল্যান্ডেই। ক্যাথি বিদেশ-বিভুঁইয়ে এসেও ভুলতে পারেননি প্রিয় মানুষটিকে। ততক্ষণে হাসির একটা রোল উঠে গেছে তাঁদের মধ্যে।ক্যাথির কাছে সবচেয়ে মজার বিষয় এখানকার রাস্তাগুলো। রাস্তার পাশে হাঁটতে নাকি ভারি ভালো লাগে ক্যাথির। তাঁর কথা শুনে পাশে থাকা তরুণ করোইন সায় দেন। দলে থাকা ক্যারন জানান, এখানকার ট্রাফিক পুলিশগুলো মানচিত্র চেনে না। এখন আর ট্রাফিক পুলিশের ওপর ভরসা করেন না। নিজেরাই পথ খুুঁজে নেন।পুরান ঢাকায় ঘোরার ইচ্ছা আছে তাঁদের। দলের আরেক সদস্য স্ট্যানলি জানান, ঢাকার সবচেয়ে অপছন্দের জিনিসটি হচ্ছে ডাস্টবিন। ঢাকার বাসগুলোও অপছন্দ তাঁর। ছোট্ট বাসগুলোতে ঠাসাঠাসি করে এত্ত লোকের ভিড় পছন্দ হয়নি স্ট্যানলির। ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করা স্ট্যানলি জানান, বিশ্বকাপে ঢাকার বেশ কিছু আলোকসজ্জা এবং বাঁশ, বেত, হার্ডবোড দিয়ে বানানো বিশ্বকাপের মাসকট—সব দেশীয় প্রযুক্তিতে বানানো। এগুলো ওর জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আলাপচারিতার একপর্যায়ে ক্যাথি একলা এগিয়ে চলেন সামনের দিকে। আর পেছনে থাকা দলটি এগিয়ে যায় ক্যাথির দিকে। ওঁদের ভাবনা, ঢাকার বিশ্বকাপ-জ্বরে অ্যাড্রিয়েনকে ছাড়া একটু বেশিই কষ্ট পাচ্ছেন ক্যাথি!