টি-শার্টের নকশায় প্রাধান্য পাচ্ছে দেশীয় নানা উপকরণ। সেই ধারাবাহিকতায় টি-শার্টে উঠে আসছে ঢাকা নগর। এ ক্ষেত্রে নগরের ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি থাকছে সমকালীন নানা বিষয়। টি-শার্টে ঢাকাচর্চার কথা জানাচ্ছেন মিল্লাত হোসেন ও গাজী মুনছুর আজিজ।উঠে আসছে ঐতিহ্যফুটপাত ধরে হেঁটে যাচ্ছিল এক তরুণ। তার পরনে টি-শার্ট। সেই টি-শার্টের বুকের জায়গায় শোভা পাচ্ছে আহসান মঞ্জিল।এভাবেই টি-শার্টে উঠে আসছে ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে নিত্য উপহারের কর্ণধার বাহার রহমান বলেন, ‘২০০২ সাল থেকে আমরা ঢাকার বিভিন্ন বিষয় নিয়ে টি-শার্ট করছি। এ পর্যন্ত ১২টি টি-শার্টের নকশার অনুষঙ্গ ছিল ঢাকা। এর মধ্যে বেশ কয়েকটি টি-শার্টে ছিল নগরের ইতিহাস-ঐতিহ্যের উপাদান। এ ছাড়া পুরান ঢাকার নানা দৃশ্য এসেছে আমাদের টি-শার্টে।’টি-শার্টে ঢাকার ঐতিহ্য তুলে ধরতে গিয়ে ফ্যাশন হাউসগুলোর ডিজাইনাররা যে ঢাকার ইতিহাস-ঐতিহ্যবিষয়ক বইপত্রও ঘাঁটাঘাঁটি করছেন, তা আঁচ করা গেল ফ্যাশন হাউস ‘মেঘ’-এর দুটি টি-শার্ট দেখে। এর মধ্যে একটিতে ব্যবহূত হয়েছে ১৮০৮ সাল থেকে ১৮১১ সালের মধ্যে চার্লস ডয়লির (১৭৮১-১৮৪৫) আঁকা বড় কাটরা ও সাইফ খানের মসজিদ। ব্রিটিশ ঢাকার কালেক্টর থাকার সময় ডয়লি ঢাকার অনেক ছবি আঁকেন। সেই ছবি নিয়ে তিনি ‘অ্যান্টিকুইটিজ অব ঢাকা’ নামের চারটি ফোলিও করেন। চার্লস ডয়লির এসব তথ্যও উঠে এসেছে টি-শার্টটির নকশায়।মেঘ-এর আরেকটি টি-শার্টে উঠে এসেছে ‘প্যানারোমা অব ঢাকা’। এতে উপস্থাপিত হয়েছে ১৮৪০ সালে অজানা এক শিল্পীর আঁকা চিত্রকর্ম। আছে বুড়িগঙ্গা নদী ও এর তীরে থাকা নগরের ভবনের ছবি। ফ্যাশন হাউস ‘ঐতিহ্য’ লালবাগ কেল্লাসহ ঢাকার বিভিন্ন ঐতিহ্য নিয়ে টি-শার্ট করেছে। ফ্যাশন হাউস ‘পঙিত’তে দেখা গেছে বড় কাটরার ছবি দিয়ে করা টি-শার্ট। পঙিতর কর্ণধার আল-আমিন বলেন, ঢাকার ঐতিহ্যবাহী বিষয় নিয়ে করা টি-শার্টের প্রতি তরুণেরা বেশ আগ্রহী।এই শহর...শাহবাগের আজিজ সুপার মার্কেটে ঢাকাবিষয়ক টি-শার্ট দেখছিলেন ধানমন্ডির রাসেল আহমেদ। ঢাকাবিষয়ক টি-শার্ট কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার প্রিয় পোশাক জিন্স ও টি-শার্ট। অনেক রকমের টি-শার্ট সংগ্রহে আছে। কয়েক দিন আগে লক্ষ করলাম, ঢাকাবিষয়ক কোনো টি-শার্ট আমার নেই।’ ফ্যাশন হাউস ‘আরশি’ থেকে রাসেল কিনে নিলেন ‘ঢাকার চাকা’ শীর্ষক টি-শার্ট। অন্যদিকে ফ্যাশন হাউস ‘কারখানা’ এনেছে ‘ঢাকা’ শিরোনামের টি-শার্ট, যাতে উঠে এসেছে নগরের রিকশার ছবি।ফ্যাশন হাউস ‘নিত্য উপহার’ ঢাকা নিয়ে যত টি-শার্ট করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘ঢাকা মেট্রো’ শিরোনামের টি-শার্ট। এই তথ্য দিলেন বাহার রহমান।ঢাকার রিকশাসহ সমসাময়িক অনেক বিষয় নিয়ে টি-শার্ট করেছে ফ্যাশন হাউস ‘ঐতিহ্য’। তাদের ঢাকাবিষয়ক বেশ কিছু টি-শার্ট ডিজাইন করেছেন শিল্পী বিপুল শাহ্। তিনি বলেন, ‘ঢাকাবিষয়ক টি-শার্ট তরুণেরা লুফে নিচ্ছে। এটা অবশ্যই ঢাকার জন্য ইতিবাচক একটি দিক। এর মাধ্যমে ঢাকা শহরের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ পাওয়া যাচ্ছে।’ঢাকা শেরাটন হোটেলের মোড়ে আছে মৃণাল হকের ভাস্কর্য ‘রাজসিক’, যাতে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী টমটম। এই ভাস্কর্যের ছবি দিয়ে টি-শার্ট করেছে ফ্যাশন হাউস ‘মেঘ’ ও ‘পঙিত’।ঢাকা নগরকে বিষয় করে একাধিক টি-শার্টের নকশা করেছেন শিল্পী সব্যসাচী হাজরা। ঢাকার সমসাময়িক বিষয় নিয়ে করা টি-শার্ট সম্পর্কে তিনি বলেন, হালের তরুণদের ফ্যাশনে প্রাধান্য পাচ্ছে টি-শার্ট। দেশীয় বিভিন্ন উপকরণ দিয়ে নকশা করা টি-শার্ট তারা পছন্দ করছে। ঢাকা নিয়ে করা টি-শার্টে ঐতিহ্যবাহী উপাদানের পাশাপাশি থাকছে সমকালীয় বিষয়। তরুণেরা দুই ধরনের টি-শার্ট পছন্দ করছে। টি-শার্ট অবশ্যই তরুণদের ঢাকার প্রতি আগ্রহী করছে।রাজধানীর ৪০০ বছরঢাকা প্রথম রাজধানী হিসেবে মর্যাদা পায় মোগল আমলে। তাই রাজধানী হিসেবে ঢাকা ৪০০ বছর পার করেছে। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় রাজধানীর ৪০০ বছর পূর্তি। এ ক্ষেত্রে এগিয়ে আসে নগরের টি-শার্ট হাউসগুলোও। ফ্যাশন হাউস ‘মেঘ’, ‘১৯৭১’ ও ‘পঙিত’র বিক্রয়কেন্দ্রে ঢাকার ৪০০ বছরের ওপর করা টি-শার্ট দেখা গেছে।ফ্যাশন হাউস ‘নিত্য উপহার’ রাজধানী ঢাকার ৪০০ বছর নিয়ে টি-শার্ট তো করেছেই, এর পাশাপাশি তাদের নিয়মিত আয়োজন ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতা ‘বসে আঁকো ২০০৮’-এর বিষয় ছিল ‘রাজধানী ঢাকার ৪০০ বছর’। ছোটদের আঁকা ছবিগুলো থেকে বাছাই করা কয়েকটি ছবি টি-শার্টের নকশায় ব্যবহার করা হয়েছে বলে জানান নিত্য উপহারের কর্ণধার বাহার রহমান।যেখানে মেলেঢাকাবিষয়ক টি-শার্ট কিনতে হলে শাহবাগের আজিজ সুপার মার্কেটে গেলেই ভালো। কারণ, এখানকার ফ্যাশন হাউসগুলো টি-শার্টই বেশি করে। একাধিক ফ্যাশন হাউসের প্রদর্শনকেন্দ্র দেখে কেনা যাবে ঢাকাবিষয়ক পছন্দের টি-শার্ট। একটি টি-শার্টের দাম পড়বে ১৮০ থেকে ২২০ টাকার মতো।