ঢাকা অনিরাপদ প্রমাণ করতে বোমাবাজি: সংসদে খালিদ মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকা অনিরাপদ’—এটা প্রমাণ করতেই বিএনপি-জামায়াতের কর্মীরা বোমাবাজি করছেন বলে দাবি করেছেন সরকারদলীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী। আজ সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এ কথা বলেন।খালিদ মাহমুদ বলেন, নিরাপত্তাহীনতার কথা বলে খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেননি। এর সত্যতা প্রমাণ করার জন্য বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা বোমাবাজি করছেন। আজ বেলা দুইটার দিকে সোনারগাঁও হোটেলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতের রাষ্ট্রপতি এই হোটেলে অবস্থান করছেন। খালিদ মাহমুদ আরও বলেন, খালেদা জিয়া চান পুরো বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হোক। সে জন্য বিদ্যুেকন্দ্রগুলো তাঁরা লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। এখন বোরোর মৌসুম চলছে। বিদ্যুতের অভাবে কৃষক সেচ দিতে পারছেন না। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব সম্পর্কিত আলোচনায় জাসদের মঈনউদ্দীন খান বাদল বলেন, ‘কোন কিতাব অনুসরণ করে সংখ্যালঘুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে? ইসলামের নবী বনি কুরাইজার বিদ্রোহীদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। মহানবী মদিনার আনসার, মক্কার মোহাজেরদের নিয়ে উম্মাহ (জাতি) প্রতিষ্ঠা করেছিলেন, মদিনা সনদে যার উল্লেখ আছে। তাহলে আমাদের বাঙালি উম্মাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, তাদের বিচার করা যাবে না, এটা কোন কিতাবে লেখা আছে?’বাদল আরও বলেন, ‘যাঁরা চাঁদের মধ্যে তাবিজ বিক্রেতার ছবি দেখছেন, তাঁদের বলতে চাই, রসুলের আচরণ আর সুন্নাহ অনুসরণ করেন। যাঁরা গণতন্ত্রের চাদরে আচ্ছাদিত থাকবেন, তাঁরা সমাদর পাবেন। যাঁরা এই চাদর ছিঁড়ে বেরোতে চাইবেন, তাঁদের ব্যাপারে ব্যবস্থা নিতে আমাদের এই সংসদ যথেষ্ট শক্তিশালী।’রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন কে এম খালিদ, আতিউর রহমান, বেবী মওদুদ, মনোয়ার হোসেন চৌধুরী, আশরাফুন নেছা মোশাররফ, ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ।