ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণে অনুদানের ঘোষণা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র, মেহনতি মানুষের দোরগোড়ায় বিচার পৌঁছে দেওয়ার জন্য বিচারব্যবস্থাকে আধুনিকায়ন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে লক্ষ্যে ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের জন্য ২০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। আজ বুধবার ঢাকা আইনজীবী সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সমিতির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা জেলা ও দায়রা জজ এলাকায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে যখন গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসা হয় তখন এই ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারকাজেও তাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন। যে কারণে ৩৪ বছর পর হলেও হত্যা মামলার রায় কার্যকর হয়েছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালের পর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু হত্যার আত্মস্বীকৃত খুনিদের দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করার অংশ হিসেবে বিচার বিভাগ পৃথক হওয়ার পর দুটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে এবং তারা স্বাধীনভাবে কাজ করছে। মামলার জট কমানোর জন্য ও আদালতের বাইরে ছোট ছোট বিরোধ নিরসনের জন্য এডিআর পদ্ধতি কাজে লাগানো যায় কি না, সে বিষয়ে আইন কমিশনের মতামত চাওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তাদের মতামত পাওয়ার পর এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।