ঢাকা-আগরতলা সড়কে ৩৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অংশের টানমান্দাইল বেইলি সেতুর পাটাতন ভেঙে রপ্তানি পণ্যবোঝাই একটি ট্রাকের চাকা দেবে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল রোববার থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেতুর ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ চলছে।গতকাল রোববার সকাল ছয়টায় এ ঘটনার পর থেকে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সড়কের ধরখার অংশে রপ্তানি পণ্যবোঝাই দুই শতাধিক ট্রাক আটকে আছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, পাথরবোঝাই একটি ট্রাক সকাল ছয়টায় বেইলি সেতুটি পার হওয়ার সময় সেতুর মাঝামাঝি স্থানের ইস্পাতের পাটাতন ভেঙে ট্রাকের চাকা দেবে আটকে যায়। একটি ইস্পাতের পাটাতন খুলে পড়ে যায় হাওড়া নদীর পানিতে। সেই থেকে আজ বিকেল পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা দুইটায় দুর্ঘটনায় পড়া ট্রাকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সেতুর ইস্পাতের পাটাতনের মেরামতকাজ শেষ হতে পারে আজ বিকেল তিনটায়।স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কের রপ্তানি পণ্যবোঝাই ট্রাক আটকে থাকায় বন্দর দিয়ে আজ ছোট মাছ ছাড়া কোনো পণ্যই রপ্তানি হয়নি। অন্যদিকে আটকে থাকা ট্রাক প্রতি ব্যবসায়ীদের দুই থেকে তিন হাজার টাকা করে লোকসান দিতে হবে।আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা ইন্দ্র মোহন দাস বলেন, ত্রিপুরা ও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে রপ্তানি করে প্রতিদিন আখাউড়া স্থলবন্দর ৭০ থেকে ৮০ লাখ টাকার বৈদেশিক মুদ্রা আয় করে। বিকেল তিনটার পর আগরতলা কোনো পণ্য নেয় না। এতে আটকে থাকা ট্রাকের পণ্য আজ আর রপ্তানি সম্ভব নয়।ব্রাহ্মণবাড়িয়া সওজের নির্বাহী প্রকৌশলী আবদুল ওয়াহিদুজ্জামান বলেন, অতিরিক্ত পণ্যবোঝাই করা ট্রাকের চাপে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত মেরামত শেষে সেতুটি খুলে দেওয়া হবে।