ঢাকা-আঙ্কারা একত্রে সন্ত্রাস মোকাবিলায় কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও তুরস্ক সব ধরনের সন্ত্রাস মোকাবিলার পাশাপাশি বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ ছাড়া ঢাকা ও আঙ্কারা ২০১৫ সাল নাগাদ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩০০ কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে। গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের মধ্যে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়। খবর বাসস ও ইউএনবির।বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে ২০১৬-১৭ মেয়াদের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের সমর্থন কামনা করেন। বৈঠক শেষে এক বিবৃতিতে বাংলাদেশে বিদ্যমান বাণিজ্যের অনুকূল পরিবেশের উল্লেখ করে শেখ হাসিনা এরদোগানের প্রতি বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, নদী খনন, আইসিটি, পর্যটন, বস্ত্র ও কৃষিভিত্তিক শিল্পের মতো বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে তুরস্কের বিনিয়োগকারীদের উৎসাহিত করার আহ্বান জানান।শেখ হাসিনা এরদোগানকে বলেন, বিশ্ববাজারে তুরস্কের রপ্তানিযোগ্য পণ্যকে আরও প্রতিযোগিতামূলক করতে তাঁদের আরএমজি (তৈরি পোশাক) কারখানা ও অন্যান্য শিল্প স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ একটি চমৎকার গন্তব্য।প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বাণিজ্য সমপ্রসারণে, বিশেষ করে তুরস্কের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে বিভিন্ন বাধা দূরীকরণ ও ব্যাংক লেনদেন সুবিধার জন্য তুরস্কের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তুরস্কের বাজারে বাংলাদেশি ওষুধপণ্যের প্রবেশাধিকার প্রদানের ক্ষেত্রে তুর্কি জিএমপির (মানসম্মত উৎপাদন সনদ) পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের জিএমপি গ্রহণ করার জন্য তুরস্কের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, বৈঠককালে তুরস্কের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অচিরেই তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করে বলেন, সুবিধাজনক সময়ে তিনি তুরস্ক সফর করবেন।তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান ২০২১ সাল নাগাদ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের প্রতি তাঁর দেশের সমর্থন ব্যক্ত করেন। তুর্কি প্রধানমন্ত্রী বাংলাদেশের অব্যাহত আর্থসামাজিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে দেশের জনগণের কল্যাণে বর্তমান সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। তিনি বিশেষ করে গণতন্ত্রকে শক্তিশালীকরণ, আইনের শাসন, মানবাধিকার পরিস্থিতি, লিঙ্গ সমতা ও জনগণের ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুই দেশের মধ্যে ৬৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বাণিজ্য হয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, বাংলাদেশে অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে, যেখানে তুরস্ক সহযোগিতা করতে পারে।বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে এরদোগান আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অব্যাহত সহযোগিতার মধ্য দিয়ে এ সম্পর্ক আরও জোরদার হবে।ঢাকা-আঙ্কারা দুটি চুক্তি সই: বাংলাদেশ ও তুরস্কের মধ্যে স্বাস্থ্য সহযোগিতাসংক্রান্ত একটি চুক্তি এবং উভয় দেশে দূতাবাস স্থাপনে জমি হস্তান্তর বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ চুক্তি সই হয়।স্বাস্থ্যবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তুরস্কের মিনিস্টার অব স্টেট মেহমেত আইদিন এবং জমি হস্তান্তরসংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও তুরস্কের অর্থমন্ত্রী মেহমেত সিমসেল।প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।জাতীয় স্মৃতিসৌধে এরদোগান: তুরস্কের প্রধানমন্ত্রী গতকাল রোববার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ফুল দেওয়ার পর বেশ কিছু সময় নীরবে সেখানে দাঁড়িয়ে ছিলেন তিনি।এ সময় বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন।