ঢাকা আজ থেকে বাংলা সুবার রাজধানী
রাতারাতি বদলে গেল ঢাকার নসিব। এ যেন মেঘ না চাইতেই বর্ষণেরও অধিক। মোগল সাম্রাজ্যের প্রান্তবর্তী বাংলা সুবার রাজধানীর মর্যাদায় আসীন হলো বঙ্গতিলোত্তমা ঢাকা নগরী। তবে এখন থেকে এর নাম হবে জাহাঙ্গীরনগর। বাংলা সুবার ভূতপূর্ব সুবাদার জাহাঙ্গীর কুলি খান অকস্মাত্ ইন্তেকাল করায় শেখ আলাউদ্দীন ইসলাম খান চিশতির ওপর এই সুবার দায়িত্ব ন্যস্ত হয়েছিল। নানাবিধ সংঘাত-ব্যাঘাতে যাত্রাপথে নতুন সুবাদারের দুই বছর বিলম্ব হয়। অবশেষে রাজকীয় নৌবহরে করে অজস্র অমাত্য ও সৈন্যসামন্তসহ সুবাদার ইসলাম খান ঢাকায় এসে পৌঁছেছেন। সুবাদারের সম্মানার্থে তিনি পদার্পণের সঙ্গে সঙ্গে উপস্থিত উল্লসিত জনতা জায়গাটির নাম ইসলামপুর বলে ঘোষণা করে। ঢাকায় পদার্পণের সময় সুবাদার অবস্থান করছিলেন তাঁর শাহি বজরা চাঁদনীতে, আর তাঁর জেনানারা ছিলেন আরেক শাহি বজরা ফতেহ্ দরিয়ায়।অমিত পরাক্রমশালী দিল্লির মসনদের জ্যোতিষ্ক মহামান্য শাহানশাহ্ নূরুদ্দীন মুহাম্মদ জাহাঙ্গীরের সুযোগ্য সিপাহ্সালার ও সুবাদার ইসলাম খান চিশতি ঢাকায় পৌঁছেই একে বাংলা সুবার রাজধানী ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলার রাজধানী হিসেবে রাজমহলের এত দিনের গৌরব লুপ্ত হলো। মহামান্য শাহেনশাহের প্রতি পরম কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ও তাঁর মহান স্মৃতি চিরভাস্বর করে রাখার উদ্দেশ্যে তিনি ঢাকার নতুন নাম রেখেছেন। বাংলার রাজধানী এখন থেকে অভিহিত হবে জাহাঙ্গীরনগর বা জাহাঙ্গীরাবাদ নামে। এই অবিস্মরণীয় ঘটনায় বিশ্ব ইতিহাসে এই শহরের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হওয়ার পরম সুযোগ সৃষ্টি হলো। এতে এই জনপদ ও জনসাধারণের ভাগ্য উন্নয়নেরও বিপুল সৌভাগ্যের সূচনা ঘটল বলে সমঝদারেরা মন্তব্য করছেন।দিল্লির মহামহিম শাহানশাহ্র অতিবিশ্বস্ত ও অমিতবিক্রম সুবাদার ইসলাম খান চিশতি ঢাকাকে রাজধানী হিসেবে এলান করার পর আনন্দে আত্মহারা জনসাধারণকে আশ্বাস দিয়ে বলেছেন, দূতমারফত তিনি অতি দ্রুত ঢাকাকে রাজধানী ঘোষণার খবর দিল্লিতে মোগল দরবারে পাঠাবেন। একই সঙ্গে এই শহরকে মোগল সাম্রাজ্য তথা সারা দুনিয়ার একটি শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার জন্য ন্যায়বিচারক ও উদারহূদয় শাহানশাহেক বিশেষ বদান্যতা ও অনুগ্রহ দেখিয়ে স্বীয় কীর্তি অক্ষুণ্ন রাখার জন্য শাহি ফরমান জারির সুপারিশ করবেন। সুবাদার তাঁর শাহি বজরা চান্দনীতে বসে উপস্থিত ঢাকাবাসী জনতার উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন।উপস্থিত জনতার বিপুল উল্লাসের মধ্যে বিজ্ঞ সুবাদার জানান, বহুকাল আগে থেকেই প্রজাহিতৈষী মহামান্য শাহানশাহ্ ও তাঁর সুযোগ্য সহধর্মিণী মহামান্যা সম্রাজ্ঞী নূরজাহান ঢাকার অতুলনীয় মসলিন বস্ত্রের গভীর অনুরাগী বলে এই শহরের পরিচয় তাঁরা ভালোমতোই জানা। তাই তাঁর নামাঙ্কিত এই শহরের যথাবিহিত উন্নয়নে ভারতরাজ সানন্দে তাঁর সম্মতি দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।দীর্ঘ পথযাত্রার শ্রমে ও যাত্রাপথে নানা যুদ্ধবিগ্রহে শ্রান্ত সুবাদার তাঁর সংক্ষিপ্ত ভাষণে ঢাকাবাসীকে বরাভয় দিয়ে বলেন, অত্যাচারী মগ, বর্গি ও পর্তুগিজ দস্যুদের বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত করা হবে। জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় তিনি প্রভূত সমরশক্তি প্রয়োগ করবেন। দস্যুরা আর কোনো ব্যক্তিকে বলপূর্বক অপহরণ করে দাস হিসেবে বিক্রি করতে পারবে না। বঙ্গবাসী এখন থেকে নিঃশঙ্কচিত্তে চলাফেরা, ব্যবসা-বাণিজ্য এবং সুখনিদ্রায় রজনী অতিবাহিত করতে পারবেন।সুবাদারের এই অভয়বাণী উপস্থিত জনতার মধ্যে সঞ্জীবনী শক্তি সঞ্চার করে। বিপুল হর্ষধ্বনি ও গগনবিদারী ঢাকের বাদ্যে তারা পরিবেশ প্রকম্পিত করে তোলে। গ্রীষ্মের পড়ন্ত বেলায় অস্তাচলগামী সূর্য জনতার সেই উল্লাসের ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল। সুবাদার বলেন, জনতার আনন্দ উদ্দীপনায় তিনি প্রসন্ন ও অনুপ্রাণিত বোধ করছেন। অতিশীঘ্র রাজধানীর বহুবিধ উন্নয়নের কর্মযজ্ঞ সূচিত হবে বলে তিনি সবাইকে আশ্বাস দেন। তাত্ক্ষণিকভাবে তিনি শহরের সীমানা চিহ্নিত করার জন্য ঢাকীদের সজোরে বাদন করতে এবং সেই শব্দ অনুসরণ করে অশ্বপৃষ্ঠে চড়ে তিনজন ঘোড়সওয়ারকে পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে ধাবিত হতে নির্দেশ দেন। তিনি বলেন, ঢাকের শব্দ যত দূর পর্যন্ত শ্রুতিগোচর হবে, সেখানে সেখানে স্তম্ভ বসিয়ে নয়া রাজধানীর সীমানা সে অবধি বলে নির্ধারণ করা হবে।বর্মে সুরক্ষিত ঢাল, খঞ্জর ও বর্শাধারী মোগল ঘোড়সওয়ারেরা বিদ্যুদ্বেগে ধাবিত হলে সেই অভিনব দৃশ্যে জনতা উল্লাসে ফেটে পড়ে। উদ্দীপ্ত ঢাকীরা সর্বশক্তিতে ঢাকে কাঠির প্রহার অব্যাহত রাখে। এই অভূতপূর্ব ঢাকবাদ্যের মধ্য দিয়ে বাংলা সুবার নতুন রাজধানী জাহাঙ্গীরনগরের অভিষেক সুসম্পন্ন হয়। সুবাদার রাজধানীবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল ও সহযোগিতা কামনা করে পুনরায় নতুন রাজধানীকে তিলোত্তমায় রূপায়িত করার আশ্বাস দিয়ে তাঁর শাহি বজরায় আরোহণ করেন।