ঢাকা আঞ্চলিক গণিত উৎসব আজ শুক্রবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে অনুষ্ঠিত হবে। এ উৎসবের মাধ্যমে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল গঠনের বাছাইপর্বের ১৩টি আঞ্চলিক গণিত উৎসবের সমাপ্তি হবে। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে (ঢাকা কলেজের পাশে) অনুষ্ঠেয় উৎসবে এক হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এ উৎসবে দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা নিবন্ধন সম্পন্ন করেছে। নিবন্ধন করা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে এবং নিবন্ধন কার্ড নিয়ে আজ সকাল সাড়ে আটটায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে উপস্থিত থাকতে হবে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল খালেক। দিনব্যাপী চারটি ক্যাটাগরিতে উৎসবের মূল পর্ব গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াড ছাড়াও থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক স্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিকস কিউব প্রতিযোগিতা, রম্য বিতর্ক, বইমেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। উৎসবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার প্রদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওয়াটার রকেট উৎক্ষেপন করবে।ঢাকা আঞ্চলিক গণিত উৎসবসহ ১৩টি আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার আসাদগেটসংলগ্ন সেন্ট যোসেফ স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উৎসব ২০১১ ও নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।