ঢাকা আঞ্চলিক গণিত উত্সব শুরু
ঢাকা আঞ্চলিক গণিত উত্সব ২০১১ আজ শুক্রবার সকালে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে শুরু হয়েছে।জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) পতাকা উত্তোলনের মাধ্যমে এ উত্সবের উদ্বোধন করা হয়। প্রথমবারের মতো অনুষ্ঠানটি ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস ছাবরেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল খালেক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। এ সময় লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা উপস্থিত ছিলেন।এ উত্সবের মাধ্যমে নেদারল্যান্ডে অনুষ্ঠেয় ৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল গঠনের বাছাই পর্বের ১৩টি আঞ্চলিক গণিত উত্সবের সমাপ্তি হবে।গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে (ঢাকা কলেজের পাশে) অনুষ্ঠেয় উত্সবে এক হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা নিবন্ধন সম্পন্ন করে। নিবন্ধন করা শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে এবং নিবন্ধন কার্ড নিয়ে আজ সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে উপস্থিত হয়।দিনব্যাপী চারটি ক্যাটাগরিতে উত্সবের মূল পর্ব গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াড ছাড়াও থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন। থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক স্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিকস কিউব প্রতিযোগিতা, রম্য বিতর্ক, বইমেলা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। উত্সবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার প্রদর্শন করছেন। এ ছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওয়াটার রকেট উেক্ষপণ করবে।ঢাকা আঞ্চলিক গণিত উত্সবসহ ১৩টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীরা আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকার আসাদগেটসংলগ্ন সেন্ট যোসেফ স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উত্সব ২০১১ এবং নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।