ভালো চলচ্চিত্র দেখানোর প্রতিশ্রুতি আর ভালো দর্শকের প্রত্যাশায় অনেকটা সাদামাটাভাবেই শুরু হলো দ্বাদশ ঢাকা চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আট দিনের এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ইরানের প্রখ্যাত চলচ্চিত্রকার দারিয়ুস মেহরজুই। এবারের উৎসবের স্লোগান ‘ভালো চলচ্চিত্র, ভালো দর্শক, ভালো সমাজ’। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৫৫টি দেশের ২০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উৎসবের চেয়ারম্যান মার্গুব মোরশেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইরানের চলচ্চিত্রকার তাহমিনা মিলানি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্রনির্মাতা ও সংস্কৃতি অঙ্গনের প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।উদ্বোধনী দিনে গতকাল উদ্বোধনকেন্দ্রে প্রদর্শিত হয় অস্ট্রেলিয়ার চলচ্চিত্র দ্য ওয়েটিং সিটি। পরিচালনা করেছেন ক্লেয়ার ম্যাকার্থি। এ ছাড়া গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে প্রদর্শিত হয় সাতটি চলচ্চিত্র। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কাজী হায়াতের শাস্তি, চাষী নজরুল ইসলামের কাবুলিওয়ালা ও সুভা, নারগিস আক্তারের অবুঝ বউ ও সত্যজিৎ রায়ের প্রামাণ্যচিত্র রবীন্দ্রনাথ ঠাকুর।এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। প্রতিদিন সকাল ১০টা, দুপুর একটা, বেলা তিনটা, বিকেল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক উৎসব। এবারের উৎসবে ইরানি চলচ্চিত্রনির্মাতা দারিয়ুসের ছবি নিয়ে থাকছে বিশেষ আয়োজন। প্রতিযোগিতা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে এশিয়া ও অস্ট্রেলিয়ার কমপক্ষে ৭০ মিনিট দৈর্ঘ্যের কাহিনিচিত্র। সম্মাননার সঙ্গে সেরা ছবির পুরস্কার বিজয়ী ছবির নির্মাতা পাবেন এক লাখ টাকা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় লড়বে গৌতম ঘোষের মনের মানুষ এবং নাসির উদ্দীন ইউসুফের গেরিলা। উৎসবে এ ছাড়া থাকছে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড এবং রেট্রোসপেকটিভ বিভাগ। উৎসবে আলাদা আয়োজন থাকছে প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে নিয়ে। মুক্তির গান, মাটির ময়নাসহ তাঁর পাঁচটি ছবি প্রদর্শিত হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্পিরিচুয়াল ছবির জন্য থাকবে আলাদা বিভাগ। নারী নির্মাতাদের ছবির জন্যও থাকছে আলাদা আয়োজন। এই অংশে থাকবে ব্রাজিল, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক—এসব দেশের ছবি। উৎসবের সময়ে ছবির প্রদর্শনী ছাড়াও চলচ্চিত্রবিষয়ক সেমিনারের আয়োজন থাকবে।