ঢাকা আবদুল্লাহপুর-বাইপাইল টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আবদুল্লাহপুর-বাইপাইল টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কের ইউনিক এলাকায় সৃষ্ট বড় বড় গর্তে পড়ে আজ বৃহস্পতিবার সকালে চারটি ট্রাক বিকল হয়ে যায়। এরপর থেকে ওই সড়কের উভয় পাশে ১০-১২ কিলোমিটার এলাকায় তীব্র যানজট শুরু হয়। আশুলিয়ার বাইপাইল থেকে নরসিংহপুর পর্যন্ত এলাকার ওই সড়কে অনেক দিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া সড়কের উভয় পাশে কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও রাস্তাটি তুলনামূলক নিচু। ফলে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তা থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সড়কের তিন কিলোমিটার অংশে দেড় থেকে তিন ফুট উঁচু হয়ে পানি জমে গেছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে যান চলাচল করছিল। কিন্তু আজ সকাল সাতটার দিকে চারটি ট্রাক বিকল হয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাভার ট্রাফিকের পরিদর্শক ফারুক হোসেন জানান, রাস্তা ভাঙা থাকায় মাঝেমধ্যেই গাড়ি বিকল হয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ছে। পুলিশ রেকার দিয়ে বিকল ট্রাকগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আজ এ সড়কের যানজটের প্রভাবে নবীনগর-কালিয়াকৈর সড়কেও যানজট সৃষ্টি হয়।